স্বল্প দূরত্বে চলাচলকারী কমিউটার ট্রেনে শিক্ষার্থীদের টিকিটের নির্ধারিত ভাড়ায় ২৫ শতাংশ ছাড় কার্যকর করতে ইউনিফাইড পরিচয়পত্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ সুবিধা বাস্তবায়নে শিক্ষার্থীদের পরিচয়পত্র প্রবর্তনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাদ্রাসাগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
সোমবার (৯ নভেম্বর) বোর্ডের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি বোর্ডের আওতাধীন সব মাদ্রাসার প্রধান এবং পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যদের পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, স্বল্প দূরত্বে চলাচলকারী কমিউটার ট্রেনে শিক্ষার্থীদের টিকিট কেনার ক্ষেত্রে নির্ধারিত ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেওয়ার লক্ষ্যে পর্যায়ক্রমে ইউনিফাইড পরিচয়পত্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ সুবিধা বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের ইউনিফাইড পরিচয়পত্র থাকা প্রয়োজন।
এ অবস্থায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন প্রযোজ্য মাদ্রাসাগুলোকে শিক্ষার্থীদের ইউনিফাইড পরিচয়পত্র প্রবর্তনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এর আগে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এ বিষয়ে একটি চিঠি জারি করা হয়। ওই চিঠিতে বিভাগের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানকে বিষয়টি জানানো এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরপ্রধানদের অনুরোধ করা হয়।
বিভাগের চিঠিতে বলা হয়েছে, গত ৩ মার্চ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত রেল পরিবহন ব্যবস্থাপনা-সংক্রান্ত আলোচনায় বাংলাদেশ রেলওয়েতে ট্রেন ভ্রমণের ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তি ও ৬৫ বছরের বেশি বয়সীদের টিকিটের মূল্যে ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়। পরবর্তী সময়ে ২৮ মে এ-সংক্রান্ত নির্দেশনাও দেওয়া হয়।
তবে স্বল্প দূরত্বে চলাচলকারী কমিউটার ট্রেনে শিক্ষার্থীদের ইউনিফাইড পরিচয়পত্র না থাকায় তাঁদের টিকিটের মূল্যে ২৫ শতাংশ ছাড়ের ব্যবস্থা কার্যকর করা যাচ্ছে না বলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের চিঠিতে উল্লেখ করা হয়েছে।




