বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
29 C
Dhaka

আরও পড়ুন

প্রাথমিকে শুধু ভর্তি নয়, মানসম্মত শিখন নিশ্চিত করতে চায় সরকার

প্রাথমিক শিক্ষায় শুধু শিশুদের বিদ্যালয়ে ভর্তি করানো নয়, প্রত্যেক শিশুর জন্য মানসম্মত ও কার্যকর শিখন নিশ্চিত করতে চায় সরকার। শিক্ষার্থীদের মৌলিক সাক্ষরতা ও সংখ্যাগত দক্ষতা অর্জনের পাশাপাশি সমালোচনামূলক চিন্তা, সৃজনশীলতা এবং ভবিষ্যৎ জীবনের প্রয়োজনীয় দক্ষতা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বুধবার (১১ নভেম্বর) মন্ত্রণালয়ে নিজের অফিসকক্ষে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা (গ্লোবাল সিইও) রীনা ঘেলানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষাকে সময়োপযোগী ও ভবিষ্যৎমুখী করে গড়ে তুলতে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে শিশুদের প্রারম্ভিক বিকাশ, মানসম্মত শিক্ষা এবং জীবনঘনিষ্ঠ দক্ষতা অর্জনের সুযোগ নিশ্চিত করা জরুরি।

সাক্ষাৎকালে প্ল্যান ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশের প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রতিমন্ত্রীর নেতৃত্ব ও উদ্যোগের প্রশংসা করেন। তিনি প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিশুদের মৌলিক দক্ষতা ও সৃজনশীল চিন্তার বিকাশ, মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

রীনা ঘেলানি বলেন, শিশুদের প্রারম্ভিক বিকাশ, মানসম্মত শিক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধ প্ল্যান ইন্টারন্যাশনালের অন্যতম অগ্রাধিকার। বাংলাদেশে দীর্ঘদিনের কার্যক্রম ও আন্তর্জাতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সরকারের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে চায় সংস্থাটি। বিশেষ করে শিক্ষা ও উন্নয়নের সুফল প্রান্তিক পর্যায়ের শিশু ও জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে সরকারের সঙ্গে সমন্বিত উদ্যোগ নিতে আগ্রহী তারা।

বৈঠকে মেয়েদের মাধ্যমিক পর্যায়ে ঝরে পড়া রোধ, নিরাপদ ও শিশুবান্ধব বিদ্যালয় পরিবেশ নিশ্চিত করা, বিদ্যালয়ে পৃথক শৌচাগার ও স্বাস্থ্যসম্মত সুবিধা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠী ও পরিবারকে সক্ষম করে তোলার বিষয়েও আলোচনা হয়। এ সময় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও স্থানীয় সমস্যা সমাধানের ধারণাকে নীতিনির্ধারণী পর্যায়ে যুক্ত করার উদ্যোগের কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।

প্ল্যান ইন্টারন্যাশনালের সিইও জানান, সংস্থাটি বিশ্বের ৮০টি দেশে কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশে দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষা, শিশু অধিকার, মেয়েদের ক্ষমতায়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে আরও বৃহৎ পরিসরে কাজ করতে আগ্রহী তারা। সরকারের অগ্রাধিকার অনুযায়ী যৌথ উদ্যোগের সম্ভাব্য ক্ষেত্র, কারিগরি সহযোগিতা এবং দেশব্যাপী কার্যক্রম সম্প্রসারণের সক্ষমতা নিয়েও বিস্তারিত আলোচনার আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস এবং ডিরেক্টর নিশাত সুলতানা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here