বুধবার, নভেম্বর ১১, ২০২৬
26 C
Dhaka

আরও পড়ুন

রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে আমদানিতে নতুন সুবিধা

পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারদরের ওপর চাপ কমাতে ১০ ধরনের পণ্য আমদানিতে বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানির মূল্য পরিশোধে সর্বোচ্চ ৯০ দিন সময় পাবেন আমদানিকারকেরা।

বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এর ফলে আমদানিকারকেরা নির্ধারিত খাদ্যপণ্য দেশে আনার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে মূল্য পরিশোধ করতে পারবেন। রমজানের আগে পর্যাপ্ত পণ্য আমদানির প্রস্তুতি নিতে ব্যবসায়ীদের সুবিধা দিতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, সরবরাহকারীর ঋণ বা সাপ্লায়ার্স ক্রেডিট এবং ক্রেতার ঋণ বা বায়ার্স ক্রেডিট—এই দুই পদ্ধতিতে পণ্য আমদানি করা যাবে। এতে আমদানিকারকেরা পণ্য আনার সময়ই পুরো অর্থ পরিশোধের চাপ থেকে কিছুটা অব্যাহতি পাবেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, রমজানে যেসব খাদ্যপণ্যের চাহিদা বেশি থাকে, সেগুলোর সরবরাহ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে আমদানিকারকেরা আগেভাগে পণ্য আমদানির প্রস্তুতি নিতে পারবেন। বাজারে সরবরাহের ঘাটতি ও মূল্যবৃদ্ধির চাপ কমবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

তিনি আরও বলেন, রমজানকে কেন্দ্র করে সাধারণ মানুষের ওপর বাড়তি মূল্যচাপ তৈরি হোক, বাংলাদেশ ব্যাংক তা চায় না। এ কারণে আমদানির বিপরীতে সর্বোচ্চ ৯০ দিন পর মূল্য পরিশোধের সুযোগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, গত ১৩ আগস্ট জারি করা এফইপিডি-১ সার্কুলার নম্বর ৩০-এর পার্ট-ডি-এর ১(১) অনুচ্ছেদে নির্দিষ্ট কিছু পণ্য বাকিতে আমদানির সুযোগ ছিল। রমজানের প্রয়োজন বিবেচনায় এবার গুরুত্বপূর্ণ খাদ্যপণ্যের তালিকা সম্প্রসারণ করা হয়েছে।

নতুন নির্দেশনার পাশাপাশি আগের সার্কুলারের অন্যান্য শর্ত ও নির্দেশনা বহাল থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট আমদানিকারকদের অবহিত করতে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

তবে আমদানিতে বাকিতে মূল্য পরিশোধের সুযোগ বাড়ানো হলেও বাজারে এর প্রভাব নির্ভর করবে ব্যবসায়ীদের আমদানি প্রস্তুতি, পণ্য সরবরাহ এবং বাজারজাতকরণের ওপর। আমদানি সুবিধার সুফল ভোক্তাদের কাছে পৌঁছালে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে তা সহায়ক হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here