ইসরাইলের দক্ষিণাঞ্চলের ইলাত এলাকায় ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে কম্পনের পর সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। নিরাপত্তার কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয় রামন বিমানবন্দর। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে বিমানবন্দরটিতে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।
টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিসরের সিনাই উপদ্বীপের তাবা এলাকায়। স্থানটি ইলাত থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ভূ-পৃষ্ঠের প্রায় ৮ কিলোমিটার গভীরে কম্পনটির উৎপত্তি হয়।
ভূমিকম্পের পরপরই সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। সম্ভাব্য ঝুঁকি এড়াতে রামন বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
তবে ভূমিকম্পের কম্পনে বিমানবন্দরের কিছু অবকাঠামোর সামান্য ক্ষতি হয়েছে। কয়েকটি জানালার কাচ ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি পর্যালোচনা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দর কর্তৃপক্ষ অবকাঠামো পরিদর্শন করে।
পরে এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও পরিদর্শন শেষ হয়েছে। এরপর রামন বিমানবন্দরে আবারও পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করা হয়েছে।
সূত্র: টাইমস অব ইসরাইল




