শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
25 C
Dhaka

আরও পড়ুন

প্রবাসী কার্ড দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল মন্ত্রণালয়

প্রস্তাবিত ‘প্রবাসী কার্ড’ দেওয়ার নামে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র। কার্ডটি দ্রুত করে দেওয়ার এবং পেনশন সুবিধা পাওয়ার প্রলোভন দেখিয়ে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছে তারা। এ বিষয়ে প্রবাসীদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনার গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো প্রবাসী কার্ড। কার্ডটি চালুর প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে এটি এখনো আনুষ্ঠানিকভাবে চালু হয়নি এবং এর আবেদনপ্রক্রিয়াও শুরু করা হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ভেতরে ও বাইরে কিছু অসাধু ব্যক্তি এবং দালালচক্র প্রবাসী কার্ডের নাম ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। বিশেষ করে পেনশন সুবিধা এবং দ্রুত কার্ড দেওয়ার বিষয়ে নানা দাবি করে প্রবাসীদের সঙ্গে প্রতারণার চেষ্টা করছে তারা। এসব প্রতারণার মাধ্যমে প্রবাসীদের কাছ থেকে অর্থ আদায়েরও চেষ্টা চলছে।

এ ধরনের কর্মকাণ্ড থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। বিশেষভাবে প্রবাসী কার্ড করে দেওয়ার কথা বলে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা মধ্যস্থতাকারীকে টাকা না দেওয়ার অনুরোধ করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসী কার্ড চালু হলে এর আবেদনপ্রক্রিয়া, যোগ্যতার শর্ত এবং সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। সরকারি গণমাধ্যম, মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং এর সরকারি সামাজিক যোগাযোগমাধ্যমে এসব তথ্য জানানো হবে।

কেউ এ ধরনের প্রতারণার শিকার হলে অথবা প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে কোনো তথ্য পেলে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করেছে মন্ত্রণালয়।

প্রবাসীদের কষ্টার্জিত অর্থ সুরক্ষিত রাখা এবং প্রতারণা প্রতিরোধে সরকারের সঙ্গে সহযোগিতা করার আহ্বানও জানানো হয়েছে। তাই কার্ড চালুর আনুষ্ঠানিক ঘোষণা ও সরকারি নির্দেশনা প্রকাশের আগে কোনো আবেদন, নিবন্ধন বা কার্ড দেওয়ার প্রতিশ্রুতিতে অর্থ লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here