লক্ষ্মীপুরের রায়পুরে দিনে-দুপুরে এক সাংবাদিকের বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। তার দোতলার সিঁড়ির ঘরের দরজা ভেঙে কৌশলে বাসায় প্রবেশ করে নগদ দেড় লাখ টাকা, আট ভরি স্বর্ণালংকার, দামি মেশিনপত্র, একটি এয়ারগানসহ বহুমূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে চুরি ও নিরাপত্তাহীনতা নিয়ে বেশ উদ্বেগ দেখা দিয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুরের মধ্যে উপজেলার ৭নং বামনী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কলাকোপা গ্রামের আলহাজ্ব মাওলানা বজলুল হকের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। ওই বাড়ির বাসিন্দা জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ প্রেসক্লাব রায়পুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক রেজওয়ান রহমান (রেজু)।
ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, রোববার সকাল ১০টার দিকে সাংবাদিক রেজওয়ান রহমান (রেজু) ব্যক্তিগত কাজে বাসা থেকে বের হওয়ার সময় ঘরের দরজায় তালা লাগিয়ে যান। পরে কাজ শেষে দুপুরে বাড়িতে ফিরে ঘরে প্রবেশ করে দেখতে পান, ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। ঘরের বিভিন্ন স্থানে তল্লাশির চিহ্ন দেখে তাঁর সন্দেহ হয়। পরে খোঁজ নিয়ে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল চুরির বিষয়টি নিশ্চিত হন।
চোরের দল দোতলার সিঁড়ির ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বলে জানা গেছে। এরপর দরজার ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে কৌশলে গেট খুলে বাসার ভেতরে প্রবেশ করে। পরিকল্পিতভাবে ঘরের বিভিন্ন কক্ষ তল্লাশি চালিয়ে নগদ দেড় লাখ টাকা, আট ভরি স্বর্ণালংকার, দামি মেশিনপত্র, একটি এয়ারগানসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা।
দিনের বেলায় বাড়িতে লোকজনের অনুপস্থিতির সুযোগ নিয়ে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে বসতবাড়ির নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
সাংবাদিক রেজওয়ান রহমান (রেজু) বলেন, সকাল ১০টার দিকে বাসায় তালা দিয়ে বাইরে যাই। দুপুরে ফিরে এসে দেখি ঘরের সবকিছু এলোমেলো। পরে দেখতে পাই, নগদ দেড় লাখ টাকা, আট ভরি স্বর্ণালংকার, দামি মেশিনপত্র, একটি এয়ারগানসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি হয়ে গেছে। দিনের বেলায় এভাবে আমার বাসায় চুরির ঘটনায় আমি হতবাক। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে চুরি হওয়া মালামাল উদ্ধারের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
বাংলাদেশ প্রেসক্লাব রায়পুর উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক মো: আরিফ হোসেনসহ সাংবাদিক নেতারা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এবিষয়ে সন্ধ্যায় রায়পুর থানার অফিসার ইনচার্জ ওসি নিজাম উদ্দিন ভুঁইয়ার সাথে দেখা করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানান।
এ বিষয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন – অভিযোগ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি- এবিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন মহল জানান, দিনের বেলায় জনবসতিপূর্ণ এলাকায় একটি সাংবাদিকের বাসায় এ ধরনের চুরির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় পুলিশি নজরদারি ও টহল জোরদার করা প্রয়োজন। অন্যথায় এ ধরনের অপরাধ আরও বাড়তে পারে।
এলাকাবাসীর প্রত্যাশা, পুলিশ দ্রুত প্রয়োজনীয় তদন্তের মাধ্যমে চোরচক্রকে শনাক্ত করবে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেবে।




