ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় শ্রমিক বিক্ষোভ হয়েছে। এ সময় শ্রমিকেরা কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। পরে শ্রমিকেরা সড়ক ছেড়ে সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে এবিএম ফ্যাশন ও যমুন কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেন। একপর্যায়ে দুই কারখানার শ্রমিকেরা একত্র হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যান। তাঁরা শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। এ সময় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
শ্রমিকেরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে শিল্পাঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও বিজিবি সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, দুটি কারখানার শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করা হয়। শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও বিজিবি সদস্যরা মোতায়েন রয়েছেন।




