শনিবার, নভেম্বর ২১, ২০২৬
24 C
Dhaka

আরও পড়ুন

দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌আকভান, যেসব জেলায় ঝড়বৃষ্টির শঙ্কা

ভারতের ওডিশা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে প্রবল ঘূর্ণিঝড় আকভান। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে ওডিশার গোপালপুরের কাছে ঘূর্ণিঝড়টি স্থলভাগে আছড়ে পড়তে পারে। শক্তি কিছুটা কমিয়ে বঙ্গোপসাগরের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়টি। এর প্রভাবে বাংলাদেশের ১০ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ভারতের আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৮ কিলোমিটার গতিতে উত্তর দিকে এগিয়েছে। বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে এটি। ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছে।

শুক্রবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় বাংলাদেশের ১০ জেলায় ঝড়ো হাওয়ার আশঙ্কার কথা জানানো হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে।

এ কারণে এসব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের অপর এক পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টির এ প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here