বাংলা ও ইংরেজির বাইরে তৃতীয় কোনো ভাষায় দক্ষতা একজন শিক্ষার্থীর চাকরি ও ব্যবসার সম্ভাবনা বাড়াতে পারে। বিশেষ করে চীনা, জাপানি, কোরীয়, জার্মান ও আরবি ভাষা জানা তরুণদের জন্য দেশে-বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হচ্ছে। এ বাস্তবতায় দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে চীনা বা মান্দারিন ভাষা নিয়ে পড়াশোনা শুরু করেছিলেন মিয়াদ হোসাইন। দ্বিতীয় বর্ষে ওঠার পরই বাংলাদেশের একটি চীনা প্রতিষ্ঠানে দোভাষী হিসেবে খণ্ডকালীন চাকরি পান তিনি। তখন তাঁর মাসিক আয় ছিল ৪০ হাজার টাকা।
মিয়াদ হোসাইন জানান, শুরুতে তিনি চীনা ভাষায় এক-দুই লাইনের বেশি কথা বলতে পারতেন না। দোভাষী হিসেবে কাজ শুরু করার পর ধীরে ধীরে তাঁর দক্ষতা বাড়তে থাকে। ভাষায় পারদর্শিতা অর্জনের সঙ্গে সঙ্গে তাঁর বেতনও বাড়ে। খণ্ডকালীন চাকরির পাশাপাশি একই ইনস্টিটিউট থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন তিনি।
পড়াশোনা শেষ করে বিভিন্ন চীনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু করেন মিয়াদ। বর্তমানে চীন থেকে বাংলাদেশে মোবাইল যন্ত্রপাতি আমদানি করছেন। চীনা ব্যবসায়ীদের সঙ্গে যৌথভাবে ব্যবসা শুরু করলেও এতে তাঁকে নিজের অর্থ বিনিয়োগ করতে হয়নি বলে জানান তিনি। তাঁর ভাষ্য, চীনা ভাষায় দক্ষতা থাকায় ব্যবসায়িক অংশীদারদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পেয়েছেন।
বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভাষা শিক্ষা ইনস্টিটিউট রয়েছে। এসব প্রতিষ্ঠানে ইংরেজি, চীনা, জাপানিসহ বিভিন্ন বিদেশি ভাষা শেখানো হয়। উচ্চশিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের সম্ভাবনা বাড়াতেও তরুণদের মধ্যে এসব ভাষা শেখার আগ্রহ বাড়ছে।
একসময় বিদেশি ভাষা শেখার বিষয়টি মূলত উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে গত দেড় দশকে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে চীনা, কোরীয়, জাপানি, আরবি ও অন্যান্য ভাষা শেখানো হচ্ছে। বিদেশে চাকরির পাশাপাশি দেশের বহুজাতিক প্রতিষ্ঠান, বিদেশি বিনিয়োগকারী কোম্পানি, পর্যটন, অনুবাদ, শিক্ষা ও আন্তর্জাতিক বাণিজ্য খাতেও এসব ভাষার ব্যবহার বাড়ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক মো. আফজাল হোসেন বলেন, ইংরেজির বাইরেও বিভিন্ন বিদেশি ভাষা দেশে ও দেশের বাইরে কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। বিশেষ করে জাপানি, কোরীয়, চীনা, জার্মান ও আরবি ভাষা শিখছেন এমন অনেক তরুণের লক্ষ্য বিদেশে চাকরি পাওয়া। আবার কেউ কেউ বাংলাদেশে থেকেই বিদেশি প্রতিষ্ঠানে কাজের সুযোগ খুঁজছেন।
ভাষাগত দক্ষতার অভাবে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের কর্মীরা অনেক সময় পিছিয়ে পড়েন বলে মনে করেন বিশ্লেষকেরা। বিদেশে কাজের জন্য কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট দেশের ভাষা জানা থাকলে কর্মীদের যোগাযোগ ও কাজের সক্ষমতা বাড়তে পারে। ফলে বিদেশি ভাষা এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, কর্মসংস্থানের জন্যও গুরুত্বপূর্ণ দক্ষতা হিসেবে বিবেচিত হচ্ছে।
কোরীয় ভাষা শিখে দক্ষিণ কোরিয়ায় কাজের সুযোগ পেয়েছিলেন মো. আরিফুজ্জামান। ঢাকার একটি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েও কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাননি তিনি। পরে ঢাকার একটি প্রতিষ্ঠান থেকে কোরীয় ভাষা শেখেন। প্রয়োজনীয় কয়েকটি ধাপ সম্পন্ন করে দক্ষিণ কোরিয়ায় গিয়ে একটি শিল্পপ্রতিষ্ঠানে চাকরি শুরু করেন।
সেখানে পাঁচ বছর কাজ করার পর উপার্জিত অর্থ নিয়ে দেশে ফিরে ব্যবসা শুরু করেন তিনি। আরিফুজ্জামানের ভাষ্য, কোরীয় ভাষায় দক্ষতা থাকায় দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটিতে ভালো বেতনে চাকরির সুযোগ পেয়েছিলেন।
বাংলাদেশেও চীনা ও অন্যান্য দেশের প্রতিষ্ঠান এবং নাগরিকদের ব্যবসায়িক কার্যক্রম বাড়ছে। এসব প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট দেশের ভাষা জানা কর্মীর প্রয়োজন হয়। মিয়াদ হোসাইনের মতে, বাংলাদেশে আসা অনেক চীনা নাগরিক ইংরেজিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। এ কারণে চীনা ভাষায় দক্ষ ব্যক্তিরা প্রতিষ্ঠানগুলোর কাছে বাড়তি গুরুত্ব পান।
চীনা ও কোরীয় ভাষার পাশাপাশি জার্মান, ফরাসি ও জাপানি ভাষারও চাহিদা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে চীনা, জাপানি, ফরাসি ও ইংরেজি ভাষায় অনার্স ও মাস্টার্স কোর্স চালু রয়েছে। এ ছাড়া আরও কয়েকটি ভাষার কোর্স পড়ানো হয়।
অধ্যাপক আফজাল হোসেন জানান, বিদেশি ভাষায় দক্ষ শিক্ষার্থীদের জন্য শুধু সংশ্লিষ্ট দেশেই নয়, অন্য দেশেও চাকরির সুযোগ তৈরি হতে পারে। বাংলাদেশেও তাঁদের কর্মসংস্থানের ক্ষেত্র রয়েছে। তাঁর দাবি, বর্তমানে দোভাষীর চাহিদা বেশি এবং সাধারণ শিক্ষায় পড়াশোনা করা ব্যক্তিদের তুলনায় ভাষা শিক্ষায় দক্ষ বা এ বিষয়ে স্নাতক করা ব্যক্তিরা কোনো কোনো ক্ষেত্রে তিন থেকে চার গুণ বেশি বেতন পাচ্ছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, এসব ক্ষেত্রে ন্যূনতম বেতন ৬০ থেকে ৭০ হাজার টাকা।
তৃতীয় ভাষা শিক্ষাকে গুরুত্ব দিয়ে নির্বাচনি ইশতেহারেও পরিকল্পনার কথা জানিয়েছিল বর্তমান বিএনপি সরকার। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তৃতীয় ভাষায় দক্ষ শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ঘোষণাও দিয়েছেন।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, সরকারের অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনায় বিদেশি ভাষার দক্ষতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রথমে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষার ব্যবস্থা করা হবে। পরে ধাপে ধাপে প্রাথমিক পর্যায়েও তা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। প্রাথমিকের চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে জাপানি ও চীনা ভাষা দিয়ে এ কার্যক্রম শুরু হতে পারে।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদ্যোগটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মাঝামাঝি দেশের ৪০টি সরকারি ও ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষার কোর্স চালুর নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আগে থেকে যেসব বিশ্ববিদ্যালয়ে ভাষা শিক্ষা কেন্দ্র বা ইনস্টিটিউট রয়েছে, সেগুলোকেও সহযোগিতা দেওয়া হবে। দেশের বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক অবস্থান বিবেচনা করে বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচন করা হবে।
অধ্যাপক মামুন আহমেদ জানান, এ উদ্যোগে চীনা, জাপানি, জার্মান, ফরাসি, কোরীয় ও আরবি ভাষাকে গুরুত্ব দেওয়া হবে। ভাষা শেখানোর জন্য মাতৃভাষী শিক্ষক নিয়োগের পরিকল্পনাও রয়েছে। তাঁর মতে, তরুণদের চাকরি ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তবে পরিকল্পনাটি বাস্তবায়নের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও রয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাহাবুল হক মনে করেন, তৃতীয় ভাষা শিক্ষা চালুর আগে সুনির্দিষ্ট পরিকল্পনা করা জরুরি। কোন ভাষার জন্য কতজন শিক্ষক প্রয়োজন, তাঁদের দক্ষতা কতটা এবং শিক্ষার্থীরা শেখা ভাষা বাস্তবে কতটা কাজে লাগাতে পারবেন—এসব বিষয় বিবেচনা করতে হবে।
তাঁর মতে, ভাষা শেখার পর নিয়মিত চর্চার সুযোগ না থাকলে শিক্ষার্থীরা ধীরে ধীরে সেই দক্ষতা হারাতে পারেন। তাই শুধু কোর্স চালু করলেই হবে না, ভাষা ব্যবহারের বাস্তব ক্ষেত্র ও চর্চার পরিবেশও নিশ্চিত করতে হবে। পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা গেলে তৃতীয় ভাষা শিক্ষা দেশের তরুণদের জন্য চাকরি, ব্যবসা ও আন্তর্জাতিক যোগাযোগের নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।
সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম




