মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
27 C
Dhaka

আরও পড়ুন

স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ, ৩ হাজার ৫০৩ নতুন পদ সৃষ্টি করেছে সরকার

দেশের সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী, গতিশীল ও জনবান্ধব করতে গত নয় মাসে ৩ হাজার ৫০৩টি নতুন পদ সৃষ্টি করেছে সরকার। প্রয়োজনের ভিত্তিতে দেশের বিভিন্ন হাসপাতাল, মেডিকেল কলেজ, বিশেষায়িত স্বাস্থ্যপ্রতিষ্ঠান এবং উপজেলা পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রে এসব পদ সৃষ্টি করা হয়েছে।

২০২৬ সালের পদ সৃজনসংক্রান্ত একটি সংকলিত তালিকায় দেখা গেছে, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, কারিগরি ও প্রশাসনিক জনবলসহ বিভিন্ন শ্রেণিতে এসব পদ অন্তর্ভুক্ত রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের সরকারি স্বাস্থ্যপ্রতিষ্ঠানের জন্য ক্যাডার, নন-ক্যাডার, নার্সিং এবং অন্যান্য শ্রেণির পদ সৃষ্টির তথ্য এতে তুলে ধরা হয়েছে।

তালিকার তথ্য অনুযায়ী, প্রথম শ্রেণির ক্যাডার পদ (গ্রেড-৯ ব্যতীত) রয়েছে ৮২৯টি। নবম গ্রেডের ক্যাডার পদ ৮৫৭টি, প্রথম শ্রেণির নন-ক্যাডার পদ ১৬টি এবং প্রথম শ্রেণির নার্সিং পদ একটি। এ ছাড়া দ্বিতীয় শ্রেণির নার্সিং পদ রয়েছে ১ হাজার ১৩৯টি, দ্বিতীয় শ্রেণির নন-নার্সিং পদ ১৯টি, তৃতীয় শ্রেণির পদ ৫৩১টি এবং চতুর্থ শ্রেণির পদ ১১১টি।

নতুন পদ সৃষ্টির ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে শিশুস্বাস্থ্য, কিডনি চিকিৎসা এবং বিশেষায়িত স্বাস্থ্যসেবায়। এর অংশ হিসেবে বরিশাল, রাজশাহী, রংপুর, কুমিল্লা ও খুলনায় পাঁচটি শিশু হাসপাতালের জন্য ১ হাজার ৪৪০টি পদ সৃষ্টি করা হয়েছে। এসব হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল নিশ্চিত করার মাধ্যমে শিশুদের চিকিৎসাসেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্যদিকে, দেশের ৪৪টি জেনারেল ও জেলা সদর হাসপাতালের কিডনি ডায়ালাইসিস সেন্টারের জন্য সৃষ্টি করা হয়েছে ৬১৬টি পদ। কিডনি রোগীদের নিয়মিত ডায়ালাইসিস সেবা নিশ্চিত করতে জেলা পর্যায়ে এসব কেন্দ্রের কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রগুলোর সুষ্ঠু পরিচালনায় চিকিৎসক, নার্স ও কারিগরি জনবলের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে পদগুলো সৃষ্টি করা হয়েছে।

এ ছাড়া দেশের বিভিন্ন পর্যায়ে কিডনি রোগের বিশেষায়িত চিকিৎসাসেবা সম্প্রসারণে ১৫টি মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি ও ডায়ালাইসিস সেন্টারের জন্য ৩৯০টি পদ সৃষ্টি করা হয়েছে।

বিশেষায়িত চিকিৎসাসেবার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ৩৩৬টি এবং জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ২০৬টি পদ সৃষ্টি করা হয়েছে। এদিকে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ২৪৬টি পদ সৃষ্টির তথ্যও তালিকায় রয়েছে।

জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে জনবল বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে চট্টগ্রামের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ২২টি এবং জয়পুরহাটের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ২৬টি পদ সৃষ্টি করা হয়েছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ২৭টি এবং বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪টি পদও তৈরি করা হয়েছে।

এ ছাড়া চট্টগ্রামের হাটহাজারীতে ২০ শয্যাবিশিষ্ট ট্রমা সেন্টারের জন্য আটটি এবং সিরাজগঞ্জ ও হবিগঞ্জের বাহুবলে ২০ শয্যাবিশিষ্ট দুর্ঘটনা ও জরুরি স্বাস্থ্যসেবা কেন্দ্রের জন্য ২২টি পদ সৃষ্টি করা হয়েছে।

স্বাস্থ্য খাতে নতুন পদ সৃষ্টির বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বাসসকে বলেন, নতুন পদ সৃষ্টির উদ্যোগ বাস্তবায়িত হলে সরকারি হাসপাতালগুলোতে দীর্ঘদিনের জনবল সংকট কমানোর সুযোগ তৈরি হবে। বিশেষ করে বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র, শিশু হাসপাতাল, কিডনি ডায়ালাইসিস সেন্টার, হৃদরোগ ও ক্যানসার চিকিৎসাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় জনবল নিশ্চিত করা গেলে রোগীদের চিকিৎসাসেবা গ্রহণ আরও সহজ হবে।

তিনি বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্যপ্রতিষ্ঠানে চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মীর সংখ্যা বাড়লে স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বৃদ্ধি পাবে। এতে জটিল রোগের চিকিৎসার জন্য রাজধানী বা বড় শহরের হাসপাতালের ওপর নির্ভরতা অনেকটাই কমে আসতে পারে।

স্বাস্থ্য খাতের সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, হাসপাতালের অবকাঠামো ও চিকিৎসা সরঞ্জামের পাশাপাশি পর্যাপ্ত জনবল নিশ্চিত করা মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের অন্যতম শর্ত। নতুন পদগুলোতে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও পদায়ন করা গেলে সরকারি হাসপাতালগুলোর সেবাদানের সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে। তবে পদ সৃষ্টি এবং এসব পদে নিয়োগ সম্পন্ন হওয়া পৃথক প্রক্রিয়া। ফলে নতুন পদগুলোতে নিয়োগ ও জনবল পদায়নের অগ্রগতির ওপরও স্বাস্থ্যসেবার উন্নয়ন নির্ভর করবে। সূত্র: বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here