শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
25 C
Dhaka

আরও পড়ুন

ওষুধ খাতে আর্জেন্টিনাকে যৌথ বিনিয়োগের আহ্বান ডিসিসিআইর

আর্জেন্টিনার ব্যবসায়ীদের বাংলাদেশে ওষুধ ও অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) শিল্পে যৌথ বিনিয়োগের মাধ্যমে এ খাতে সরকার প্রদত্ত প্রণোদনা সুবিধা গ্রহণের প্রস্তাব দিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

রোববার (১০ নভেম্বর) ডিসিসিআই গুলশান সেন্টারে ডিসিসিআইর সভাপতি আশরাফ আহমেদ এবং বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে ঢাকা চেম্বারের সভাপতি বলেন, সম্প্রতি বাংলাদেশে আর্জেন্টিনার স্থায়ী মিশনের কার্যক্রম চালুর মাধ্যমে দু’দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ৬৭৮.৭৮ মিলিয়ন মার্কিন ডলার, যেখানে বাংলাদেশের আমদানি-রপ্তানির পরিমাণ ছিল যথাক্রমে ৬৬৩.৩৪ ও ১৪.৫৫ মিলিয়ন মার্কিন ডলার, যা আশানুরূপ নয়।

অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি আর্জেন্টিনার ব্যবসায়ীদের বাংলাদেশে ঔষধ ও ‘অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই)’ শিল্পে যৌথ বিনিয়োগের মাধ্যমে এ খাতে সরকার প্রদত্ত প্রণোদনা সুবিধা গ্রহণের প্রস্তাব করেন। বাংলাদেশে থেকে আরও বেশি হারে তৈরি পোশাক পণ্যের পাশাপাশি পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, ঔষধ এবং প্লাস্টিক পণ্য আমদানির জন্য আর্জেন্টিনার উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

আশরাফ আহমেদ বলেন, বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও চামড়াজাত পণ্য আর্জেন্টিনায় রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান উচ্চহারে ট্যারিফ হ্রাস করার আর্জেন্টিনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবেচনার আহ্বান জানাচ্ছি। তিনি উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে ভার্চুয়াল প্ল্যাটফর্মে নিয়মিত বিটুবি (বিজনেস টু বিজনেস) ম্যাচ-মেকিং আয়োজনের প্রস্তাব করেন, যাতে করে দু’দেশের ব্যবসায়ীরা একে অপরের বাজার সম্পর্কিত তথ্য ও চাহিদা সম্পর্কে অবগত হতে পারে।

অন্যদিকে, আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেন, দ্বিপাক্ষিক ব্যবসা ও বিনিয়োগের প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও প্রধানত দু’দেশের ব্যবসায়ীদের যোগাযোগের অভাবের কারণে তা কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি। দক্ষিণ আমেরিকা অঞ্চলের দেশগুলোতে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগরে ‘হাব’ হিসেবে আর্জেন্টিনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

তিনি উল্লেখ করেন, দক্ষিণ আমেরিকার চারটি দেশ (আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, প্যারাগুয়ে) নিয়ে ‘মারকোসার’ অর্থনৈতিক জোট গঠন করা হয়েছে, যারা নিজেদের মধ্যকার পণ্য আমদানি-রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা ভোগ করে থাকে, এ সুবিধা গ্রহণ করতে বাংলাদেশের উদ্যোক্তারা আর্জেন্টিনায় বিনিয়োগ করতে পারে।

সেইসঙ্গে রাষ্ট্রদূত ঢাকা চেম্বারকে আর্জেন্টিনার প্রধান প্রধান চেম্বার ও অ্যাসোসিয়েশনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরেরও প্রস্তাব করেন।

ডিসিসিআই ঊর্ধ্বতন সহ সভাপতি মালিক তালহা ইসমাইল বারী, সহ সভাপতি মো. জুনায়েদ ইবনে আলী এবং বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ম্যাক্সিমিলিয়ানো রোমানেলো প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here