রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
22 C
Dhaka

আরও পড়ুন

গাজায় ইসরায়েলি হামলায় নিহত হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার

যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলা থামছে না। এবার ইসরায়েলি বিমান হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) দক্ষিণ গাজার খান ইউনুসের আল-মাওয়াসি এলাকায় তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। পরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে হামাস।

সামির আবু ইউনুস ‘আবু মাহমুদ’ নামেও পরিচিত ছিলেন। হামাসের সশস্ত্র শাখার রাফাহ ব্রিগেডের দায়িত্বে ছিলেন তিনি। এর আগে এই ব্রিগেডের কমান্ডার ছিলেন নায়েল আবু ওবেইদ। তিনি ‘আবু আতিয়া’ নামে পরিচিত ছিলেন। ২০২৬ সালের সেপ্টেম্বরে নিহত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হন সামির আবু ইউনুস।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ৫৩ বছর বয়সী সামির আবু ইউনুস ১৯৯১ সাল থেকে হামাসের সশস্ত্র শাখার সঙ্গে যুক্ত ছিলেন। রাফাহ এলাকায় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক দায়িত্ব পালন করেছেন। হামাস জানিয়েছে, তার জানাজা রোববার দক্ষিণ গাজার খান ইউনুসে অনুষ্ঠিত হওয়ার কথা।

ইসরায়েলি সামরিক বাহিনীও হামাসের সশস্ত্র শাখার একজন জ্যেষ্ঠ কমান্ডারকে লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে। তবে প্রাথমিক ঘোষণায় তার নাম প্রকাশ করেনি ইসরায়েল। অন্যদিকে চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, আল-মাওয়াসি এলাকায় চালানো ওই হামলায় সামির আবু ইউনুস নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) গাজার খান ইউনুসে নাসের মেডিকেল কমপ্লেক্সে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের দাবি, হামলায় হামাসের খান ইউনুস ব্রিগেড কমান্ডার মুহাম্মদ আবু ইসমাইল এবং সেখানে অবস্থানরত অন্য যোদ্ধাদের লক্ষ্যবস্তু করা হয়। তবে ওই হামলায় একজন চিকিৎসক ও এক শিশুসহ ছয়জন নিহত হন। হামলার পর মুহাম্মদ আবু ইসমাইলের পরিণতি সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

নাসের মেডিকেল কমপ্লেক্সে হামলার তীব্র নিন্দা জানিয়েছে হামাস। সংগঠনটি এ ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছে। তাদের দাবি, হামাস সদস্যদের লক্ষ্যবস্তু করার কথা বলে বেসামরিক চিকিৎসাকেন্দ্রে হামলার দায় আড়াল করার চেষ্টা করছে ইসরায়েল। আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্র বিশেষ সুরক্ষার আওতায় রয়েছে।

এর আগে এক বিবৃতিতে হামাস যুদ্ধবিরতি কার্যকর রাখা এবং ইসরায়েলি হামলা বন্ধে মধ্যস্থতাকারী ও যুক্তরাষ্ট্রের প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে। সংগঠনটির অভিযোগ, যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা ও অন্যান্য লঙ্ঘন অব্যাহত রয়েছে।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতির মধ্যেও প্রাণহানি অব্যাহত থাকায় গাজায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here