সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
22 C
Dhaka

আরও পড়ুন

৬৫৪তম থানা পাচ্ছে দেশ

দেশে আরও একটি নতুন থানা গঠনের উদ্যোগ এগিয়েছে। বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে মোকামতলা থানা স্থাপনের প্রস্তাবে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে প্রাক-নিকার সচিব কমিটি। প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন পেলে দেশের ৬৫৪তম থানা হবে মোকামতলা।

গত ৯ নভেম্বর সচিবালয়ে অনুষ্ঠিত প্রাক-নিকার সচিব কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে নতুন থানা, পৌরসভা গঠন, পুলিশ তদন্তকেন্দ্র স্থাপন, থানার নাম পরিবর্তন এবং সরকারি সংস্থার সাংগঠনিক কাঠামো পরিবর্তনসহ মোট সাতটি প্রস্তাব পর্যালোচনা করা হয়।

বৈঠকে চারটি প্রস্তাব সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে। একটি প্রস্তাব নাকচ করা হয়েছে এবং বাকি দুটি প্রস্তাবে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। সুপারিশ পাওয়া প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে বগুড়ার মোকামতলা থানা স্থাপন, জয়পুরহাটের কালাইয়ে মাত্রাই বাজার পুলিশ তদন্তকেন্দ্র স্থাপন, ময়মনসিংহের পাগলা থানার নাম পরিবর্তন এবং সিলেটের জৈন্তাপুরে নতুন পৌরসভা গঠন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো প্রস্তাবে বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় পৃথক থানা স্থাপনের কথা বলা হয়েছে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে ওই উপজেলার জন্য আলাদা থানা প্রতিষ্ঠিত হবে। এতে স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও পুলিশি কার্যক্রম পরিচালনার জন্য পৃথক প্রশাসনিক কাঠামো তৈরি হবে।

এর আগে চট্টগ্রামের হাটহাজারী উপজেলাকে বিভক্ত করে দেশের ৬৫৩তম থানা হিসেবে হালদা থানা গঠনের অনুমোদন দেওয়া হয়েছিল। এবার মোকামতলা থানা স্থাপনের প্রস্তাবেও প্রাক-নিকার কমিটির সুপারিশ পাওয়ায় নতুন থানা গঠনের প্রশাসনিক প্রক্রিয়া আরও এক ধাপ এগোল।

বৈঠকে জয়পুরহাট জেলার কালাই থানাধীন মাত্রাই ইউনিয়নের মাত্রাই বাজার এলাকায় পুলিশ তদন্তকেন্দ্র স্থাপনের প্রস্তাবেও সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এ প্রস্তাবে স্থানীয় পর্যায়ে পুলিশি কার্যক্রম পরিচালনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তদন্তকেন্দ্র স্থাপনের বিষয়টি তুলে ধরা হয়।

এ ছাড়া ময়মনসিংহের নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রাখতে পাগলা থানার নাম পরিবর্তন করে দক্ষিণ গফরগাঁও থানা করার প্রস্তাবেও সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে সিলেটের জৈন্তাপুর উপজেলায় নতুন পৌরসভা গঠনের প্রস্তাবেও সুপারিশের সিদ্ধান্ত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো এ প্রস্তাবের পেছনে স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগও রয়েছে।

অন্যদিকে, কুমিল্লার চৌদ্দগ্রাম থানাধীন কনকাপৈত তদন্তকেন্দ্রকে থানায় উন্নীত করার প্রস্তাব নাকচ করেছে কমিটি। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে ‘বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর’ এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে ‘বাংলাদেশ পানি উন্নয়ন অধিদপ্তর’ হিসেবে রূপান্তরের প্রস্তাবে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় তথ্য ও ব্যাখ্যা দিয়ে প্রস্তাব দুটি আবার উপস্থাপন করতে হবে।

প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত কোনো প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য নিকার সভায় তোলার আগে প্রাক-নিকার সচিব কমিটিতে যাচাই-বাছাই করা হয়। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে পাঠানো প্রস্তাবের প্রয়োজনীয়তা ও সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে কমিটি সুপারিশের বিষয়ে সিদ্ধান্ত দেয়।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন যুগ্মসচিব নাম প্রকাশ না করার শর্তে জানান, সাতটি প্রস্তাবের মধ্যে চারটি সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে, একটি নাকচ এবং দুটি প্রস্তাবে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। পর্যবেক্ষণ পাওয়া প্রস্তাবগুলোতে প্রয়োজনীয় তথ্য ও ব্যাখ্যা যুক্ত করে পুনরায় উপস্থাপন করতে হবে।

তিনি আরও জানান, সুপারিশ পাওয়া চারটি প্রস্তাবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নিকার। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত নিকার সভায় অনুমোদন পাওয়া গেলেই প্রস্তাবগুলো বাস্তবায়নের পথ খুলবে। তবে পরবর্তী নিকার সভার তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here