শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
25 C
Dhaka

আরও পড়ুন

গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬

ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিসে নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জনের বেশি। হামলার পর হাসপাতালটিতে অনুসন্ধান ও তল্লাশি অভিযান শেষ করেছে গাজার সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজার অন্যতম বৃহৎ এই হাসপাতালের দ্বিতীয় তলায় আকস্মিকভাবে হামলা চালানো হয়। দক্ষিণ গাজার প্রায় পাঁচ লাখ মানুষ চিকিৎসার জন্য এই হাসপাতালের ওপর নির্ভরশীল।

হামলায় নিহত ও আহত ব্যক্তিদের অধিকাংশই রোগী। তাঁদের অনেকেরই পরদিন অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হামলার আগে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি কিংবা হাসপাতাল খালি করার নির্দেশও আসেনি।

বিবৃতিতে বলা হয়েছে, গত কয়েক বছরে নাসের মেডিকেল কমপ্লেক্সে এটি সপ্তম দফার হামলা। এর আগে ২০২৫ সালের ২৫ আগস্ট হাসপাতালটিতে দুই দফা হামলায় চার সাংবাদিকসহ অন্তত ২২ জন নিহত হয়েছিলেন।

চিকিৎসাকেন্দ্র হিসেবে সুরক্ষিত স্থানে বারবার হামলার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। হাসপাতাল ও চিকিৎসাকর্মীদের সুরক্ষা নিশ্চিত করার আন্তর্জাতিক বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও এ ধরনের হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

সূত্র: আলজাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here