সোমবার, নভেম্বর ৩০, ২০২৬
22 C
Dhaka

আরও পড়ুন

মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত ৭০ ছাড়াল

মিয়ানমারে সামরিক বাহিনীর পৃথক বিমান হামলায় শিশুসহ ৭০ জনের বেশি নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও ৭০ জনের বেশি। দেশটির বিভিন্ন অঞ্চলে বিয়ের অনুষ্ঠানস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান, আবাসিক এলাকা ও বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবিরে হামলার ঘটনা ঘটেছে।

রোববার (২৯ নভেম্বর) বিরোধী গোষ্ঠী, উদ্ধারকর্মী ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

প্রতিবেদন অনুযায়ী, মিয়ানমারের পূর্বাঞ্চলীয় শান রাজ্য, পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্য এবং মধ্যাঞ্চলীয় ম্যাগওয়ে অঞ্চলে এসব হামলা চালানো হয়। পৃথক দুই দিনের হামলায় হতাহতের এ ঘটনা ঘটে।

কারেনি রাজ্যের অন্তর্বর্তী নির্বাহী পরিষদের কর্মকর্তা বানিয়া খুং অং অভিযোগ করেছেন, সামরিক বাহিনী বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবিরেও বিমান হামলা চালিয়েছে। বেসামরিক স্থাপনায় এ ধরনের হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

রাখাইন রাজ্যের উদ্ধারকর্মী ওয়াই হুন অং জানিয়েছেন, হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। অন্যদিকে সামরিক শাসনবিরোধী জাতীয় ঐক্য সরকারের মুখপাত্র নে ফোন লাট বলেছেন, এসব হামলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার চেষ্টা চলছে।

সর্বশেষ হামলার বিষয়ে সামরিক বাহিনী-সমর্থিত সরকার তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে অতীতে দেশটির সামরিক বাহিনী দাবি করে আসছে, তারা কেবল বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী। এরপর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শান্তিপূর্ণ আন্দোলনে প্রাণঘাতী বলপ্রয়োগের পর সামরিক শাসনের বিরোধীদের একটি অংশ সশস্ত্র প্রতিরোধ শুরু করে। বর্তমানে দেশটির বিস্তীর্ণ অঞ্চল সংঘাতের মধ্যে রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাখাইনে ২০১৭ সালে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের ঐতিহাসিক রায়ের এক সপ্তাহ পর সর্বশেষ এসব হামলার ঘটনা ঘটেছে।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here