মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
27 C
Dhaka

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের সামরিক ড্রোন অক্ষত অবস্থায় জব্দ করল ইরান

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির কেশম দ্বীপের দক্ষিণে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ড্রোন অক্ষত অবস্থায় জব্দ করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী। সোমবার (১৬ নভেম্বর) এক বিবৃতিতে আইআরজিসির জনসংযোগ দপ্তর এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, সোমবার সকালে পরিচালিত এক অভিযানের সময় ‘এমকিউএম-১৭০’ মডেলের ড্রোনটি আটক করা হয়। ইরানি বাহিনীর দাবি, ড্রোনটি তাদের আকাশ প্রতিরক্ষা ও ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থার অবস্থান শনাক্ত করার চেষ্টা করছিল।

আইআরজিসি জানায়, এ সময় ইরানি বাহিনী ড্রোনটির নিয়ন্ত্রণব্যবস্থার দখল নেয়। পরে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই সেটিকে অবতরণে বাধ্য করা হয়। তবে ড্রোনটি কীভাবে বা কোন প্রযুক্তি ব্যবহার করে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইরান।

আইআরজিসি নৌবাহিনীর দাবি, তাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও ড্রোন কমান্ডের হাতে আটক হওয়া এই মডেলের এটি চতুর্থ ড্রোন। এ ছাড়া হরমুজ প্রণালি অঞ্চলে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে অক্ষত অবস্থায় নামিয়ে আনা ড্রোনের সংখ্যা আটটি।

ইরানি বাহিনী আরও দাবি করেছে, এর আগেও তারা যুক্তরাষ্ট্রের এমকিউ-৯, এমকিউ-১ এবং লুকাস অ্যাটাক ড্রোনসহ বেশ কয়েকটি ড্রোন প্রতিরোধ, ধ্বংস অথবা অকেজো করেছে। তবে এসব ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইরানের বৃহত্তম দ্বীপ কেশম হরমুজ প্রণালির উত্তর প্রবেশপথে অবস্থিত। পারস্য উপসাগর থেকে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাস পরিবহনের ক্ষেত্রে হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় এই জলপথের কৌশলগত গুরুত্ব থাকায় সেখানে সামরিক তৎপরতা ও নিরাপত্তা পরিস্থিতির ওপর আন্তর্জাতিক মহলের নজর রয়েছে। সূত্র: আনাদোলু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here