ইরানের প্রখ্যাত শিয়া ধর্মীয় নেতা, ইসলামি চিন্তাবিদ ও গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হোসেইন ওয়াহিদ খোরাসানি মারা গেছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) ১০৫ বছর বয়সে তার মৃত্যু হয়। তার কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ইরানের বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়, প্রবীণ এই ধর্মীয় নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তার কার্যালয়। বিবৃতিতে তাকে আহলে বাইতের আদর্শে নিবেদিত প্রখ্যাত ইসলামি আইনবিশারদ, শিয়া ধর্মীয় কর্তৃপক্ষের অন্যতম শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব এবং খ্যাতিমান শিক্ষক হিসেবে উল্লেখ করা হয়েছে।
১৯২১ সালে জন্মগ্রহণ করেন আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি। জীবনের দীর্ঘ সময় তিনি ইসলামি জ্ঞানচর্চা, গবেষণা ও ধর্মীয় শিক্ষাদানে ব্যয় করেছেন। তার কাছে শিক্ষা নেওয়া বহু শিক্ষার্থী পরবর্তী সময়ে বিশিষ্ট ইসলামি পণ্ডিত হিসেবে পরিচিতি লাভ করেন।
ইসলামি আইনশাস্ত্র ও ধর্মীয় গবেষণার পাশাপাশি শিয়া মুসলিমদের ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। বিশেষ করে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ঐতিহ্য ধরে রাখার ক্ষেত্রে তার অবদান উল্লেখযোগ্য।
ইরাকের নাজাফে উচ্চতর ধর্মীয় শিক্ষা গ্রহণের পর তিনি ইরানে ফিরে আসেন। পরে কোমের ধর্মীয় শিক্ষাকেন্দ্রে দীর্ঘদিন শিক্ষকতা করেন। শিয়া মুসলিমদের কাছে তিনি প্রভাবশালী মারজা বা অনুসরণীয় ধর্মীয় কর্তৃপক্ষ হিসেবে পরিচিত ছিলেন।
মৃত্যুর আগে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই ধর্মীয় নেতা। তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে থাকা অবস্থায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা হোসেইনি খামেনির প্রতিনিধিরা তাকে দেখতে যান।
তার মৃত্যুতে শিয়া ধর্মীয় শিক্ষা ও গবেষণার অঙ্গনে একজন প্রবীণ ও প্রভাবশালী আলেমের দীর্ঘ কর্মজীবনের অবসান ঘটল। তার জানাজা, দাফন ও শোকানুষ্ঠানের বিস্তারিত সময়সূচি পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে তার কার্যালয়।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি




