সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
22 C
Dhaka

আরও পড়ুন

এআই দিয়ে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, প্রায় পূর্ণ নম্বর পেয়ে ধরা

দক্ষিণ কোরিয়ায় চাকরির নিয়োগ পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জালিয়াতির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। কর হিসাবরক্ষক পদে যোগ্যতা নির্ধারণী পরীক্ষায় প্রায় পূর্ণ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করা এক পরীক্ষার্থী পরে নিজেই জালিয়াতির কথা স্বীকার করেছেন।

‘হ্যান’ নামের ওই পরীক্ষার্থী গত এপ্রিল ও জুলাইয়ে অনুষ্ঠিত দুটি পৃথক পরীক্ষায় প্রথম হন। তাঁর অসাধারণ ফলাফল ঘিরে শুরু থেকেই নানা প্রশ্ন ও সন্দেহ তৈরি হয়। পরে আইনজীবীর মাধ্যমে তিনি স্বীকার করেন, পরীক্ষার হলে ইলেকট্রনিক ডিভাইস ও জেনারেটিভ এআই ব্যবহার করে উত্তর সংগ্রহ করেছিলেন।

‘অ্যাটর্নি লি ডন-হো’ নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে ক্ষমা চেয়ে হ্যান বলেন, ইলেকট্রনিক ডিভাইস ও জেনারেটিভ এআই ব্যবহার করে তিনি জালিয়াতি করেছেন। সর্বোচ্চ নম্বর পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা তাঁর সৎ প্রচেষ্টার ফল নয় বলেও স্বীকার করেন তিনি।

হ্যান জানান, পরীক্ষার সময় একটি মাইক্রো ক্যামেরা দিয়ে প্রশ্নপত্রের ছবি তুলে তা এআই টুলে পাঠাতেন। পরে স্মার্টফোনের মাধ্যমে এআইয়ের দেওয়া উত্তর দেখে পরীক্ষার খাতায় লিখতেন।

প্রথম ধাপের পরীক্ষায় ১৬০টি প্রশ্নের মধ্যে মাত্র একটির উত্তর ভুল করেছিলেন তিনি। ৪০০ নম্বরের পরীক্ষায় পেয়েছিলেন ৩৯৭ দশমিক ৫ নম্বর। এমন অভাবনীয় ফলাফলের পর তাঁর সাফল্য নিয়ে সন্দেহ তৈরি হয়। সে সময় অনেকে স্মার্ট গ্লাস ব্যবহার করে জালিয়াতির অভিযোগ তুললেও তিনি তা অস্বীকার করেছিলেন।

পরে মাস্ক পরে ক্যামেরার সামনে কথা বলার সময় হ্যান জানান, সিউল পুলিশের কাছে লিখিতভাবে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে সিউল মেট্রোপলিটন পুলিশ এজেন্সি।

এ ঘটনায় দক্ষিণ কোরিয়ার সরকারও উদ্বেগ প্রকাশ করেছে। রোববার দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আগামী সপ্তাহে কলেজ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় জালিয়াতি ঠেকাতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার কাজ চলছে।

ওই কর্মকর্তা আরও জানান, পাবলিক অ্যাকাউন্ট্যান্ট পরীক্ষায় জালিয়াতির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি মোকাবিলায় প্রেসিডেন্টের নীতি বিষয়ক চিফ অব স্টাফ জরুরি বৈঠক আহ্বান করবেন।

এর আগে শুক্রবার প্রধানমন্ত্রী হ্যান সং-সুক পরীক্ষার হলে এআই ব্যবহারের কারণে জনমনে উদ্বেগ তৈরি হওয়ার বিষয়টি স্বীকার করেন। তাঁর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, কলেজ ভর্তি পরীক্ষা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে সরকার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।

এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়ায় এর অপব্যবহার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে দক্ষিণ কোরিয়ায়। বিশেষ করে গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রযুক্তিনির্ভর জালিয়াতি ঠেকাতে কী ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here