জমি ও স্থাবর সম্পত্তি নিবন্ধনে নতুন বাজারমূল্য নির্ধারণ পদ্ধতি আগামী ১ জানুয়ারি থেকে সারা দেশে কার্যকর হচ্ছে। এ লক্ষ্যে ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত তিন বছরের জন্য মৌজাভিত্তিক ও শ্রেণিভিত্তিক জমির বাজারমূল্য নির্ধারণের কাজ আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে নিবন্ধন অধিদপ্তর।
বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কমিটিগুলোকে নতুন বাজারমূল্যের তালিকা প্রস্তুত করে নিবন্ধন মহাপরিদর্শকের কাছে পাঠাতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এ কাজ শেষ করতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় উদ্যোগ নিতে জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারদের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শামীমা আফরোজ স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, গত ১০ নভেম্বর সম্পত্তির সর্বনিম্ন বাজারমূল্য নির্ধারণ বিধিমালা, ২০১০ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সংশোধিত বিধিমালায় বাজারমূল্য নির্ধারণ কমিটির কাঠামো এবং মূল্য নির্ধারণের পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে।
নতুন বিধিমালা অনুযায়ী, বিভাগীয় ও জেলা পর্যায়ের বাজারমূল্য নির্ধারণ কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট জেলার জেলা রেজিস্ট্রার। অন্যদিকে উপজেলা পর্যায়ের কমিটির সদস্য-সচিব থাকবেন সংশ্লিষ্ট উপজেলার সাব-রেজিস্ট্রার।
নিবন্ধন অধিদপ্তরের চিঠিতে আরও বলা হয়েছে, ২০২৫-২০২৬ সালের জন্য নির্ধারিত স্থাবর সম্পত্তির শ্রেণিভিত্তিক বাজারমূল্য তালিকার কার্যকারিতা আগামী ৩১ ডিসেম্বর শেষ হবে। এ কারণে নতুন মূল্যতালিকা নির্ধারণ ও অনুমোদনের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা প্রয়োজন।
এ অবস্থায় দেশের সব বিভাগ, জেলা ও উপজেলার স্থাবর সম্পত্তির মৌজা ও শ্রেণিভিত্তিক বাজারমূল্য নির্ধারণ করে তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে এসব তালিকা মহাপরিদর্শক, নিবন্ধনের কাছে পাঠাতে হবে। অনুমোদিত নতুন মূল্যতালিকা ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে একযোগে সারা দেশে কার্যকর হবে।
নির্দেশনায় জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারদের জরুরি ভিত্তিতে এ কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। এ জন্য বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগের পাশাপাশি পত্রের মাধ্যমেও প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
গত ১০ নভেম্বর জারি করা সংশোধিত বিধিমালায় জমির বাজারমূল্য নির্ধারণের ক্ষেত্রে আগের নিবন্ধিত দলিলের মূল্য ছাড়াও স্থানীয় বাজারদর, সাম্প্রতিক কেনাবেচা, জমির অবস্থান, যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত সুবিধা বিবেচনার বিধান রাখা হয়েছে। এ ছাড়া গণশুনানিতে পাওয়া তথ্যও মূল্য নির্ধারণের ক্ষেত্রে বিবেচনা করা হবে।
নতুন ব্যবস্থায় একই মৌজার সব জমির জন্য একক মূল্য নির্ধারণের পরিবর্তে বৈশিষ্ট্য অনুযায়ী একাধিক ক্লাস্টার তৈরির সুযোগ রাখা হয়েছে। এর ফলে একই মৌজার ভিন্ন বৈশিষ্ট্যের জমির জন্য পৃথক বাজারমূল্য নির্ধারণ করা যাবে।
সংশোধিত বিধিমালা অনুযায়ী, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে তিন স্তরের কমিটি জমির বাজারমূল্য নির্ধারণ করবে। আগে জেলা রেজিস্ট্রারের নেতৃত্বাধীন কমিটি এ দায়িত্ব পালন করত। নতুন কাঠামো ও পদ্ধতিতে নির্ধারিত মূল্যতালিকা অনুমোদনের পর ২০২৭ সালের শুরু থেকে পরবর্তী তিন বছর তা কার্যকর থাকবে।




