শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
28 C
Dhaka

আরও পড়ুন

সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ, বকেয়া নিয়ে নতুন নির্দেশনা

নতুন পে স্কেল কার্যকরের পর শ্রান্তি ও বিনোদন ভাতার বকেয়া বা অতিরিক্ত অর্থ পাবেন না সরকারি চাকরিজীবীরা। পে-ফিক্সেশনের মাধ্যমে মূল বেতন বাড়লেও আগে নেওয়া ভাতার জন্য নতুন করে কোনো টাকা দাবি করার সুযোগ থাকছে না। অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনায় এ বিষয়টি স্পষ্ট করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) এ বিষয়ে আদেশ জারি করে অর্থ বিভাগ। পরদিন বৃহস্পতিবার (১২ নভেম্বর) গেজেট প্রকাশ করা হয়। অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখার যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম গেজেটে স্বাক্ষর করেছেন।

গেজেটে বলা হয়েছে, ‘সরকারি চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ অনুযায়ী ধাপে ধাপে নতুন বেতন স্কেল বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। এই সময়ে শ্রান্তি ও বিনোদন ভাতার ক্ষেত্রে নতুন নির্দেশনা কার্যকর থাকবে।

অর্থ বিভাগের ১৯৮৯ সালের ২০ মার্চ জারি করা বিধি অনুযায়ী, একজন সরকারি চাকরিজীবী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, সেই মাসে তাঁর মূল বেতনের সমপরিমাণ অর্থ ভাতা হিসেবে পাওয়ার নিয়ম রয়েছে। নতুন বেতন কাঠামোতেও এ নীতি বহাল রাখা হয়েছে।

তবে নতুন পে স্কেলে ধাপে ধাপে বেতন বাস্তবায়ন ও পে-ফিক্সেশনের কারণে ভাতা হিসাবের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। গেজেট অনুযায়ী, পে-ফিক্সেশনের মাধ্যমে নির্ধারিত বেতনের ভিত্তিতে শ্রান্তি ও বিনোদন ভাতা হিসাব করা হবে না। বরং ছুটিতে যাওয়ার সময় একজন চাকরিজীবী বাস্তবে যে মূল বেতন পাবেন, সেই পরিমাণ অর্থই ভাতা হিসেবে দেওয়া হবে।

এর ফলে কোনো সরকারি কর্মচারী একবার শ্রান্তি ও বিনোদন ভাতা তুলে নেওয়ার পর পরবর্তী সময়ে পে-ফিক্সেশনের কারণে তাঁর মূল বেতন বাড়লেও আগের ভাতার বিপরীতে অতিরিক্ত অর্থ পাবেন না। অর্থাৎ, নতুন বেতন কাঠামো কার্যকরের পর আগের ভাতার জন্য বকেয়া দাবি করার সুযোগ থাকছে না।

অর্থ মন্ত্রণালয়ের গেজেটে আরও বলা হয়েছে, এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। ফলে নতুন পে স্কেল বাস্তবায়নের নির্ধারিত সময়ের মধ্যে শ্রান্তি ও বিনোদন ভাতা দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ নির্দেশনা অনুসরণ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here