বাংলা সাহিত্যের কথাসাহিত্যে স্বতন্ত্র জগৎ তৈরি করা জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন আজ। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। বেঁচে থাকলে আজ ৭৮ বছরে পা দিতেন এই কথাসাহিত্যিক। উপন্যাস, ছোটগল্প, নাটক, চলচ্চিত্র ও গানের মাধ্যমে কয়েক প্রজন্মের পাঠক-দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। মৃত্যুর ১৪ বছর পরও তাঁর সৃষ্টিকর্মের প্রতি মানুষের আগ্রহ ও ভালোবাসা কমেনি।
জন্মদিন উপলক্ষে রাজধানী ঢাকাসহ তাঁর জন্মভূমি নেত্রকোনার বিভিন্ন স্থানে নানা আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে তাঁকে। বইমেলা, সংগীতানুষ্ঠান, শ্রুতি প্রযোজনাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিশেষ করে নেত্রকোনা সদর ও কেন্দুয়া উপজেলায় তাঁর স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা মানুষ ও স্থানগুলোতে রয়েছে জন্মদিনের আয়োজন।
হুমায়ূন আহমেদের জন্ম নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার শেখ বাড়িতে, যা তাঁর নানাবাড়ি হিসেবে পরিচিত। তাঁর পৈতৃক বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে। বাবা ফয়জুর রহমান আহমেদ ছিলেন পুলিশ কর্মকর্তা এবং মা আয়েশা ফয়েজ ছিলেন গৃহিণী। তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় ছিলেন হুমায়ূন আহমেদ।
প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ প্রকাশের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন তিনি। সহজ-সরল ভাষা, জীবন্ত সংলাপ, সূক্ষ্ম রসবোধ এবং মানুষের দৈনন্দিন জীবনের গল্প বলার অসাধারণ ক্ষমতা তাঁকে জনপ্রিয় করে তোলে। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের জীবন, সম্পর্ক, ভালোবাসা, হাসি-কান্না ও মনস্তত্ত্ব তাঁর লেখায় পেয়েছে ভিন্ন মাত্রা।
তাঁর সৃষ্ট চরিত্রগুলোও পাঠকের কাছে হয়ে উঠেছে আপন। হিমু, মিসির আলী, শুভ্র, রূপা কিংবা টেলিভিশন নাটক ‘কোথাও কেউ নেই’-এর বাকের ভাই—প্রতিটি চরিত্রের আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এসব চরিত্রের মাধ্যমে মানুষের জীবন, মনস্তত্ত্ব, রহস্য ও সমাজের নানা দিক তুলে ধরেছেন তিনি। সময় পেরিয়ে গেলেও চরিত্রগুলো নতুন প্রজন্মের পাঠক-দর্শকের কাছেও সমান জনপ্রিয়।
শুধু উপন্যাস বা ছোটগল্প নয়, টেলিভিশন নাটকেও হুমায়ূন আহমেদ তৈরি করেছিলেন নিজস্ব ধারার। ‘এইসব দিনরাত্রি’, ‘কোথাও কেউ নেই’, ‘বহুব্রীহি’ ও ‘আজ রোববার’-এর মতো নাটক তাঁকে ঘরে ঘরে পরিচিত করে তোলে। তাঁর নাটকের সংলাপ, চরিত্র নির্মাণ ও গল্প বলার ধরন বাংলা টেলিভিশন নাটকে আলাদা জনপ্রিয়তা তৈরি করে।
চলচ্চিত্র নির্মাতা হিসেবেও তাঁর সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়। ‘আগুনের পরশমণি’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারি’ ও ‘ঘেটুপুত্র কমলা’ তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্র। এসব কাজের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ, গ্রামীণ জীবন, মানুষের সম্পর্ক ও সমাজের নানা বাস্তবতা তুলে ধরেছেন তিনি। গীতিকার হিসেবেও তাঁর লেখা গান শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পেয়েছে।
হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে রাজধানীর চ্যানেল আই প্রাঙ্গণে তিন দিনব্যাপী বইমেলার আয়োজন করেছে প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশ ও চ্যানেল আই অনলাইন। ১৩ থেকে ১৫ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এ আয়োজন। মেলায় তাঁর বই ৩০ শতাংশ কমিশনে কেনার সুযোগ থাকছে।
বাংলা সাহিত্যে নতুন পাঠক তৈরিতে হুমায়ূন আহমেদের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। সহজ ভাষায় গল্প বলার ভঙ্গি এবং পাঠকের সঙ্গে নিবিড় সংযোগ তৈরি করার ক্ষমতা তাঁকে জনপ্রিয়তার অনন্য উচ্চতায় নিয়ে যায়। তাঁর সৃষ্ট চরিত্র, গল্প ও সংলাপের মধ্য দিয়ে আজও পাঠকের মনে বেঁচে আছেন এই কথাসাহিত্যের জাদুকর।




