ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের অনেকে এখনো ধরাছোঁয়ার বাইরে বলে মন্তব করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট ও মাফিয়া সরকারের মন্ত্রী-এমপি, আমলা ও সাঙ্গোপাঙ্গরা কীভাবে দেশ ছেড়ে পালালো তা আমাদের বোধগম্য নয়।
সোমবার (৭ অক্টোবর) ঢাকার জুরাইনের বিক্রমপুর প্লাজার সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে আয়োজিত দেশব্যাপী দাওয়াতি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মুফতি রেজাউল করীম বলেন, অন্তর্বর্তী সরকারকে কঠোরভাবে আওয়ামী খুনিদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। রাষ্ট্র সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, স্বাধীন নির্বাচন কমিশন গঠন, বর্তমান শিক্ষা কারিকুলাম বাতিল করে নতুন কমিশন গঠন করতে হবে এবং এসব জায়গা থেকে ফ্যাসিবাদের দোসরদের অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বিদেশে পাচার টাকা দেশে ফেরত আনার কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। কালোটাকার মালিক মজুতদার ও মুনাফাখোরদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। ছাত্র-জনতার অভ্যুত্থানে হতাহতদের তালিকা দ্রুত প্রকাশ করে হবে।




