সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
22 C
Dhaka

আরও পড়ুন

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ছে কি?

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় আবারও বাড়ানো হবে কি না, তা বিবেচনা করছে শিক্ষা বোর্ডগুলো। নির্ধারিত সময় শেষ হওয়ার পরও অনেক শিক্ষার্থী ফরম পূরণের সুযোগ চেয়ে আবেদন করছেন। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন করে সময় বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

প্রথমবারের মতো এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিচ্ছে সরকার। এ পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম গত ৯ নভেম্বর শেষ হয়েছে। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার পরও অনেক শিক্ষার্থী ফরম পূরণের সময় বাড়ানোর দাবি জানাচ্ছেন।

শনিবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ফরম পূরণের নির্ধারিত সময় শেষ হওয়ার পরও অনেক শিক্ষার্থী আবেদন করছেন। তাঁদের সংখ্যা কেমন হবে, তা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বিষয়টি নিয়ে বোর্ডের পক্ষ থেকে আলোচনা চলছে। এ বিষয়ে নতুন করে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় কি না, তা বিবেচনা করা হচ্ছে।

ওই কর্মকর্তা আরও বলেন, একজন পরীক্ষার্থীকেও সুযোগবঞ্চিত করতে চায় না শিক্ষা বোর্ড। তবে শিক্ষার্থীদের অবহেলার কারণে অনেকে নির্ধারিত সময়ে ফরম পূরণ করেন না। পরে তাঁরা শিক্ষা বোর্ডে চাপ সৃষ্টি করেন। এমনকি দলবদ্ধভাবে চাপ সৃষ্টি করে ফরম পূরণের সুযোগ নেওয়ার নজিরও রয়েছে।

তিনি বলেন, সরকার প্রথমবারের মতো সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ দিয়েছে। তাই পুরো কার্যক্রমটি ভালোভাবে সম্পন্ন হোক, সেটাই বোর্ডের প্রত্যাশা। ফরম পূরণের সময় বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা জানানো হবে।

প্রসঙ্গত, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম ৫ নভেম্বর শুরু হয়ে ৯ নভেম্বর শেষ হয়। ফি জমা দেওয়ার শেষ সময় ছিল ১০ নভেম্বর। এইচএসসিতে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন। পরীক্ষা শুরু হবে আগামী ১ ডিসেম্বর।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here