বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
27 C
Dhaka

আরও পড়ুন

চীনে পড়ার স্বপ্ন পূরণের সুযোগ, মিলবে বিমানভাড়াসহ সব খরচ!

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এসেছে বড় সুযোগ। চীনে সম্পূর্ণ সরকারি অর্থায়নে স্নাতক থেকে পিএইচডি পর্যন্ত পড়াশোনার সুযোগ দিচ্ছে দেশটির সরকার। এ বৃত্তির আওতায় টিউশন ফি ও আবাসন খরচের পাশাপাশি মাসিক জীবনযাত্রার ভাতা এবং বাংলাদেশ থেকে চীনে যাওয়া-আসার বিমানভাড়াও দেওয়া হবে।

২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য চীনা সরকারি বৃত্তির আবেদন আহ্বান করা হয়েছে। বাংলাদেশে চীনের দূতাবাসের মাধ্যমে টাইপ ‘এ’ ক্যাটাগরিতে আগ্রহী শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ দিন ১০ জানুয়ারি ২০২৭।

এ বৃত্তির আওতায় প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, চিকিৎসাবিজ্ঞান, কৃষি, পরিবেশ, ব্যবসায় প্রশাসন ও সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়, বিষয় এবং পাঠদানের ভাষা অনুযায়ী ভর্তির শর্ত ভিন্ন হতে পারে।

আবেদন করতে আগ্রহীদের ভালো শিক্ষাগত ফলাফলের পাশাপাশি প্রয়োজনীয় শারীরিক যোগ্যতা থাকতে হবে। বয়সের ক্ষেত্রে স্নাতক পর্যায়ে আবেদনকারীদের সাধারণত ২৫ বছরের নিচে, স্নাতকোত্তরে ৩৫ বছরের নিচে এবং পিএইচডিতে ৪০ বছরের নিচে হতে হবে। সাধারণ স্কলার কর্মসূচিতে বয়সসীমা ৪৫ বছর এবং সিনিয়র স্কলার কর্মসূচিতে ৫০ বছর নির্ধারণ করা হয়েছে।

বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ অর্থায়নের সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে সম্পূর্ণ শিক্ষাব্যয় বা টিউশন ফি মওকুফ, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বিনা মূল্যে থাকার ব্যবস্থা, মাসিক জীবনযাত্রার ভাতা এবং বাংলাদেশ থেকে চীনে যাওয়া-আসার বিমানভাড়া।

আগ্রহী শিক্ষার্থীদের চীনা সরকারি বৃত্তির নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধন করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফরম পূরণের সময় কর্মসূচির ধরন হিসেবে ‘টাইপ-এ’ নির্বাচন করতে হবে। এ ক্ষেত্রে নির্ধারিত সংস্থা নম্বর হিসেবে ‘০৫০১’ ব্যবহার করতে হবে।

এরপর আবেদনকারীকে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, পছন্দের বিশ্ববিদ্যালয় ও বিষয় নির্বাচন করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। সব তথ্য সঠিকভাবে পূরণ করে অনলাইনে আবেদন জমা দিতে হবে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আবেদনকারীদের সাক্ষাৎকার বা অন্যান্য বাছাই প্রক্রিয়ায় অংশ নিতে হতে পারে।

আবেদনের বিস্তারিত নিয়ম, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য শর্ত জানতে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুসরণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে আগ্রহী শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্রঃ প্রথম আলো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here