বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
25 C
Dhaka

আরও পড়ুন

রোহিঙ্গা শিশুদের শিক্ষা নিয়ে উদ্বেগ, পাশে দাঁড়ানোর আহ্বান এইচআরডব্লিউর

দাতা সংস্থার অর্থায়ন কমে যাওয়ায় রোহিঙ্গা শিশুদের শিক্ষাকার্যক্রম তীব্র সংকটের মুখে পড়েছে। অর্থায়ন সংকটে শরণার্থী শিবিরের শিক্ষাকেন্দ্রগুলো বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে দাতা দেশগুলোকে শিক্ষাকার্যক্রমে পূর্ণ অর্থায়ন নিশ্চিত করা এবং রোহিঙ্গাদের নিজেদের পরিচালিত স্কুলগুলোকে সরকারি স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। একই সঙ্গে সংকট উত্তরণে এসব স্কুলের পাশে দাঁড়াতে জাতিসংঘের প্রতিও আহ্বান জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে এইচআরডব্লিউ জানায়, শরণার্থী শিবিরে স্কুলে যাওয়ার বয়সী প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা শিশুর মধ্যে ৩ লাখ ১২ হাজার শিশু মানবিক শিক্ষাকার্যক্রমের আওতায় রয়েছে। তবে অর্থায়ন সংকটের কারণে এসব কার্যক্রম কয়েক মাস ধরে স্থগিত থাকায় তা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে শরণার্থী শিবিরে জনসংখ্যা বৃদ্ধি এবং মিয়ানমার থেকে নতুন করে মানুষের আসার কারণে চলতি বছর আরও প্রায় ৯০ হাজার শিশুর শিক্ষার প্রয়োজন তৈরি হয়েছে। ফলে বিদ্যমান শিক্ষাকার্যক্রমের ওপর চাপ আরও বেড়েছে।

দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত কার্যক্রমের বাইরে রোহিঙ্গা শিক্ষকদের উদ্যোগে গড়ে উঠেছে ১২৫টির বেশি স্কুল। এসব প্রতিষ্ঠানে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। তবে আইনি স্বীকৃতি না থাকায় স্কুলগুলো সরাসরি বিদেশি সহায়তা নিতে পারে না। প্রতিষ্ঠানগুলোর স্বীকৃতি, আনুষ্ঠানিক পাঠ্যক্রম এবং উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষকরা।

এইচআরডব্লিউর শিশু অধিকারবিষয়ক সহযোগী পরিচালক বিল ভ্যান এসভেল্ড বলেন, বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে পাঁচ লাখ রোহিঙ্গা শিশুর শিক্ষার বিষয়ে দাতা দেশগুলো মুখ ফিরিয়ে নিয়েছে। বাংলাদেশের উচিত শরণার্থীদের শিক্ষার ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া। একই সঙ্গে মানবিক সহায়তা সংস্থাগুলোর উচিত রোহিঙ্গাদের পরিচালিত স্কুলগুলোর সঙ্গে কাজ করা।

বিবৃতিতে রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ সীমিত হওয়ার পেছনে নীতিগত বাধার বিষয়টিও তুলে ধরা হয়েছে। ২০২৪ সালে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে রোহিঙ্গা শিশুদের স্বীকৃত শিক্ষা ও উচ্চশিক্ষার সুযোগ নিষিদ্ধ করা হয়েছিল। একই সময়ে রোহিঙ্গাদের পরিচালিত স্কুলগুলোও বন্ধ করে দেওয়া হয়।

তবে গত অক্টোবরে প্রথমবারের মতো কয়েক ডজন রোহিঙ্গা শিক্ষার্থীকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রাথমিক শিক্ষা পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেয় বাংলাদেশ। একই মাসে রোহিঙ্গাদের একটি সংগঠনকে ২৪০ শিক্ষার্থীর জন্য প্রাথমিক বিদ্যালয় নির্মাণের অনুমোদন দেওয়া হয়।

অর্থায়ন সংকটের চিত্র তুলে ধরে এইচআরডব্লিউ জানায়, ২০২৫ সালে রোহিঙ্গা শিক্ষাকার্যক্রমের জন্য ৭ কোটি ২০ লাখ ডলার চাওয়া হয়েছিল। কিন্তু দাতা দেশ ও সংস্থাগুলো দিয়েছিল মাত্র ২ কোটি ৯০ লাখ ডলার। প্রয়োজনের তুলনায় অর্থায়ন কম হওয়ায় শিক্ষাকেন্দ্রগুলো কয়েক মাস বন্ধ রাখতে হয়। পাশাপাশি শিক্ষক ছাঁটাই এবং প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম বাতিল করা হয়।

২০২৬ সালের জন্য শিক্ষাকার্যক্রমে অর্থায়নের চাহিদা কমিয়ে ৫ কোটি ৩০ লাখ ডলার করা হয়েছে। তবে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত প্রতিশ্রুতি পাওয়া গেছে মাত্র ৩ কোটি ৬০ লাখ ডলার। ফলে শিক্ষাকেন্দ্রগুলো আবারও বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে।

এইচআরডব্লিউর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে অর্থায়ন বন্ধ করার আগে রোহিঙ্গা শিশুদের শিক্ষা বাজেটের অর্ধেক বহন করত যুক্তরাষ্ট্র। অন্যদিকে, ২০২৩ সালের পর বিশ্বজুড়ে মানবিক শিক্ষা খাতে অর্থায়ন কমেছে ২০ শতাংশ।

শরণার্থী শিবিরের একজন শিক্ষক বলেন, শিশুরা শিখতে আগ্রহী। কিন্তু তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা পরিস্থিতির কারণে বারবার তাদের শিক্ষা ব্যাহত হচ্ছে। শিক্ষাকে অস্থায়ী মানবিক প্রকল্প হিসেবে নয়, বরং অধিকার হিসেবে বিবেচনা করা প্রয়োজন।

রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ অব্যাহত রাখতে অর্থায়ন নিশ্চিত করার পাশাপাশি স্থানীয়ভাবে পরিচালিত স্কুলগুলোর স্বীকৃতি ও সহায়তা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে এইচআরডব্লিউ। সংস্থাটির আহ্বান, শিক্ষা কার্যক্রমকে দীর্ঘমেয়াদি ও টেকসই করতে দাতা দেশ, বাংলাদেশ সরকার এবং জাতিসংঘকে সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here