
সম্পাদকীয়:
রাজধানীসহ সারা দেশে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ক্রমেই বাড়ছে। গত বুধবার রাতে নোয়াখালীর সেনবাগে বৈশাখী মেলায় জুয়ার আসর বসানোকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হাতে এক কলেজছাত্র খুন হয়েছে। এদিকে শুক্রবার যুগান্তরের খবরে প্রকাশ ঢাকার অদূরে সাভারের পাড়া-মহল্লায় স্থানীয় নেতাকর্মীদের মদদে গড়ে উঠেছে শতাধিক কিশোর গ্যাং। জানা গেছে, স্থানীয় নেতাকর্মীরা দুই দশক আগেও নিজেদের শক্তি ও অবস্থান জানান দিতে এলাকায় অস্ত্রের মহড়া দিত; তখন গুলি করে হত্যার প্রবণতা ছিল সর্বোচ্চ। তবে এসব ঘটনায় আইনি জটিলতায় পড়তে হয় বিধায় তারা এখন ভিন্ন কৌশল নিয়েছে। বিভিন্ন আর্থিক স্বার্থ হাসিলে তারা কিশোর গ্যাং তৈরি করে এদের অস্ত্র হিসাবে ব্যবহার করছে। কারণ, কিশোর অপরাধে আইনের দিক থেকে অনেকটাই ছাড় পাওয়া যায়। ফলে নেতাকর্মীরা এখন কিশোরদের মাধ্যমে চাঁদাবাজি, জমি দখল, ডিশ ও নেট ব্যবসা, ছিনতাই, অপহরণ, মারামারি, অস্ত্রবাজিসহ খুনের মতো ঘটনা ঘটাচ্ছে। এসব গ্যাংয়ে স্কুল পড়ুয়া ও সদ্য কলেজে পা দেওয়া ছাত্রদের সংখ্যাই বেশি। এছাড়া ১৮ থেকে ২৫ বছর বয়সি তরুণরাও এসব গ্যাংয়ে রয়েছে। অভিযোগ আছে, শতাধিক গ্যাংয়ে দুই সহস্রাধিক সদস্য রয়েছে। অবস্থার এতটাই অবনতি ঘটেছে যে, গত এক মাসে সাভারে কিশোর গ্যাংয়ের হাতে চারজন খুন হয়েছে।
শুধু আমরাই নয়, ইতঃপূর্বে নানা মহল এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। আইনশৃঙ্খলা বাহিনীও কিশোর গ্যাং দমনে চালিয়েছে বিশেষ অভিযান। তা সত্ত্বেও বন্ধ হয়নি কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। এর কারণ হলো, কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকরা ক্ষমতাশালী এবং অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলের, বিশেষত ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে অভিযোগ রয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, এসব পৃষ্ঠপোষকের মধ্যে রয়েছেন বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতা, এমনকি সাবেক সংসদ-সদস্যও। কাজেই কিশোর গ্যাং দমন করতে হলে কেবল গ্যাংয়ের সদস্যদের গ্রেফতার করলেই চলবে না, তাদের গডফাদারদের বিরুদ্ধেও নিতে হবে ব্যবস্থা।




