সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
27 C
Dhaka

আরও পড়ুন

নওগাঁয় ট্রাফিক জরিমানা আদায়ে নতুন ব্যবস্থা, ঘটনাস্থলেই বিকাশ-কার্ডে দেওয়া যাবে টাকা

নওগাঁয় ট্রাফিক আইন লঙ্ঘনের জরিমানা পরিশোধে ভোগান্তি কমাতে চালু হচ্ছে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। এখন থেকে ড্রাইভিং লাইসেন্স না থাকা, ফিটনেসবিহীন যানবাহন চালানো, অতিরিক্ত গতিসহ বিভিন্ন ট্রাফিক অপরাধে আরোপিত জরিমানার টাকা ঘটনাস্থলেই বিকাশ, ডেবিট-ক্রেডিট কার্ড ও বাংলা কিউআর কোডের মাধ্যমে পরিশোধ করা যাবে। এতে জরিমানার টাকা জমা দিতে আর ব্যাংকে ছুটতে হবে না।

রোববার (১৫ নভেম্বর) দুপুর ১টায় নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেমের আওতায় ডিজিটাল পদ্ধতিতে জরিমানা আদায় কার্যক্রম বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত গতিসহ সড়ক পরিবহন আইন অনুযায়ী বিভিন্ন অপরাধে পুলিশ জরিমানা করে থাকে। এতদিন নওগাঁ জেলায় জরিমানা আদায়ের প্রক্রিয়া ছিল অনেকটা অ্যানালগ পদ্ধতির। ট্রাফিক পুলিশের দেওয়া জরিমানার স্লিপের টাকা শুধু ইউসিবি ব্যাংকের মাধ্যমে পরিশোধের সুযোগ ছিল। ফলে জরিমানা দিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংকে যেতে হতো।

তিনি বলেন, এ ভোগান্তি কমিয়ে জরিমানা পরিশোধের প্রক্রিয়া সহজ ও আধুনিক করতে কমিউনিটি ব্যাংকের সঙ্গে চুক্তি করা হয়েছে। নতুন ব্যবস্থায় জরিমানার স্লিপ পাওয়ার পর ঘটনাস্থলে উপস্থিত থেকেই বিকাশ, ডেবিট বা ক্রেডিট কার্ড এবং বাংলা কিউআর কোডের মাধ্যমে জরিমানার টাকা পরিশোধ করা যাবে। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি ব্যাংকে গিয়ে টাকা জমা দেওয়ার ঝামেলাও কমবে।

কর্মশালায় ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেমের মাধ্যমে ডিজিটাল জরিমানা আদায়ের পদ্ধতি, পিওএস (POS) মেশিনের ব্যবহার এবং বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি এ কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হয়।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক, আইটিসি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ বাস্তবায়নের ফলে নওগাঁয় ট্রাফিক জরিমানা আদায়ের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে। একই সঙ্গে সড়কে আইন প্রয়োগের ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়বে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here