মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
27 C
Dhaka

আরও পড়ুন

মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। মজুরি বোর্ডের সভা স্থগিত এবং ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে তাঁরা সড়কে অবস্থান নেন। শ্রমিকদের অবরোধের কারণে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর পর্যন্ত সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে।

সকাল সাড়ে ৮টার দিকে পল্লবী থানাধীন সেকশন-৭ এলাকার বিভিন্ন পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এরপর অধিকাংশ শ্রমিক বাসায় ফিরে যান। তবে প্রায় এক হাজার থেকে এক হাজার ২০০ শ্রমিক পল্লবী-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

বিক্ষোভকারীরা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে তাঁদের দাবি জানাচ্ছেন। তাঁদের অবরোধের ফলে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর পর্যন্ত সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই পথে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা উপস্থিত রয়েছেন। তাঁরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।

এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তাঁরা যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারেন, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

শ্রমিকদের দাবি ও অবরোধের কারণে মিরপুরের গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ থাকায় সকাল থেকেই এলাকায় অচলাবস্থা তৈরি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here