ছবি: সংগৃহীত
নির্বাচন ব্যবস্থায় সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিল। সোমবার (১৪ অক্টোবর) নির্বাচন কমিশনে ইসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রতিনিধি দল এ কথা বলেন।
তুরস্কের প্রতিনিধি দল বলেন, মূলত বাংলাদেশের ইলেক্টোরাল ব্যবস্থার সাথে তুরস্কের ইলেক্টোরাল ব্যবস্থার মিল রয়েছে। আমাদের পলিটিক্যাল ভিত্তি আলাদা হওয়ার কারণে নির্বাচন ব্যবস্থা কিছুটা ভিন্ন হলেও বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় সহযোগিতার জন্য আমরা প্রস্তুত আছি।
এ সময় তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিলের সদস্যরা বাংলাদেশের বন্যায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। ভবিষ্যতে ইলেকশন নিয়ে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেন। তাদের দেশে বাংলাদেশের মতোই আইন মেনে ইলেকশন কমিশন গঠন করা হয় বলেও তারা উল্লেখ করেন।
তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিল-এর হেড অফ ডিপার্টমেন্ট হাররু ওস্কান এবং হাইরি বাইরাক ভোটার রেজিস্ট্রেশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল মিটিংয়ে উপস্থিত ছিলেন।
এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব শফিউল আজিমসহ এনআইডি মহাপরিচালক, ইটিআই মহাপরিচালক, সকল যুগ্ম সচিব, আইডিয়া প্রজেক্ট- এর পিডি ও সিস্টেম ম্যানেজার দুইজন উপস্থিত ছিলেন।




