মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
30.5 C
Dhaka

আরও পড়ুন

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন পররাষ্ট্র সচিব

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের বিষয়ে কোনো মন্তব্য করেননি পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। সোমবার (৯ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবাদ সম্মেলনে মূলত কপ-৩১ সম্মেলন নিয়ে কথা হচ্ছে। এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য নেই।

প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনের বিষয়টি তুলে ধরেন সাংবাদিকেরা। জবাবে পররাষ্ট্র সচিব বলেন, বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে প্রধানমন্ত্রী আগামীকাল মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন। আজকের সংবাদ সম্মেলনে মূলত ওই সম্মেলন নিয়েই কথা বলা হচ্ছে।

এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। রয়টার্সের হাতে আসা একটি চিঠির বরাতে বলা হয়েছে, সোমবার তাঁর পক্ষে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এ আবেদন করেন।

দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। আইনজীবীদের দাবি, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে।

চিঠিতে শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতা অনুসরণ করে আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানানো হয়েছে। ২০২৪ সালে দেশ ছাড়ার পর বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে এটিই শেখ হাসিনার প্রথম এ ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ বলে জানিয়েছে রয়টার্স।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি দেশটিতে অবস্থান করছেন। রয়টার্সকে তিনি জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা রয়েছে তাঁর। তাঁর সহযোগীরাও বলেছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে দেশে ফেরার তারিখ জানানো হবে।

এদিকে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশের অবস্থান এর আগে স্পষ্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। গত ৫ নভেম্বর তিনি সাংবাদিকদের বলেন, পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়ার মাধ্যমে নয়, ভারত-বাংলাদেশের বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেবে সরকার।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, তাঁকে দেশে ফিরিয়ে আনতে বিচারিক প্রক্রিয়া ও প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ ক্ষেত্রে নতুন পাসপোর্টের প্রয়োজন নেই বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here