রবিবার, নভেম্বর ৮, ২০২৬
30.9 C
Dhaka

আরও পড়ুন

রমজানের আগে ১১ পণ্য আমদানিতে বড় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক

আসন্ন রমজানে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ১১টি পণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এসব পণ্য আমদানির ক্ষেত্রে এলসি খোলার সময় নগদ মার্জিনের হার ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে নির্ধারণ করতে পারবে ব্যাংকগুলো। এতে আমদানিকারকদের জন্য পণ্য আমদানির প্রক্রিয়া সহজ হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়ে যায়। এ সময় বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং মূল্য সহনীয় পর্যায়ে রাখতে আমদানি কার্যক্রম সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন নির্দেশনার আওতায় চাল, গম, পেঁয়াজ, ডাল, সয়াবিন ও পাম অয়েল, চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুর আমদানিতে এলসি খোলার নগদ মার্জিন ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে নির্ধারণ করা যাবে। অর্থাৎ এসব পণ্য আমদানির ক্ষেত্রে সবার জন্য একই হারে নগদ মার্জিন নির্ধারণের বাধ্যবাধকতা থাকছে না। ব্যাংকগুলো গ্রাহকের সঙ্গে বিদ্যমান সম্পর্ক বিবেচনায় নিয়ে মার্জিনের হার ঠিক করতে পারবে।

এ ছাড়া অভ্যন্তরীণ বাজারে এসব পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে আমদানিকারকদের এলসি খোলার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে রমজানের আগে প্রয়োজনীয় পণ্য আমদানির গতি বাড়ানো এবং বাজারে সরবরাহের ঘাটতি এড়ানোর চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে। অবিলম্বে কার্যকর হওয়া এ নির্দেশনা আগামী ১৫ মার্চ ২০২৭ পর্যন্ত বলবৎ থাকবে।

রমজানকে কেন্দ্র করে প্রতিবছরই চাল, ডাল, তেল, চিনি, ছোলা ও খেজুরের মতো পণ্যের চাহিদা বাড়ে। এ সময় আমদানি, সরবরাহ ও বাজার ব্যবস্থাপনায় কোনো ধরনের বিঘ্ন ঘটলে পণ্যের দামে প্রভাব পড়তে পারে। তাই আগেভাগে আমদানি সহজ করার পাশাপাশি আমদানিকারকদের এলসি খোলায় অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে চায় কেন্দ্রীয় ব্যাংক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here