রবিবার, নভেম্বর ৮, ২০২৬
30.9 C
Dhaka

আরও পড়ুন

আমনে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, যে দামে

চলতি ২০২৬-২৭ অর্থবছরে আমন মৌসুমে মোট সাড়ে ৮ লাখ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহ করবে সরকার। এর মধ্যে ৩ লাখ মেট্রিক টন ধান এবং ৫ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ধান প্রতি কেজি ৩৫ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে সংগ্রহ করা হবে।

রোববার (৮ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

খাদ্যমন্ত্রী জানান, মোট ৫ লাখ ৫০ হাজার মেট্রিক টন চালের মধ্যে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল রয়েছে। কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং দেশের খাদ্যনিরাপত্তা বজায় রাখার লক্ষ্যেই এ সংগ্রহ কার্যক্রম নেওয়া হয়েছে।

আগামী ২৪ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ শুরু হবে। এ কার্যক্রম চলবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যদিকে, চাল সংগ্রহ শুরু হবে আগামী ১ ডিসেম্বর থেকে। চাল সংগ্রহ কার্যক্রমও একই বছরের ২৮ ফেব্রুয়ারি শেষ হবে।

গত বছরের তুলনায় এবার ধান ও চালের সংগ্রহমূল্যে পরিবর্তন এসেছে। গত বছর সরকার প্রতি কেজি সিদ্ধ চাল ৫০ টাকা, আতপ চাল ৪৯ টাকা এবং ধান ৩৪ টাকা দরে কিনেছিল। ওই মৌসুমে ১ লাখ ৫৩ হাজার মেট্রিক টন ধান এবং ৯ লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছিল।

খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি, আমন সংগ্রহ কার্যক্রম, খাদ্যশস্যের মজুত, সরকারি বিতরণ এবং খাদ্যশস্য আমদানি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনি ইশতেহার ২০২৬-এর প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকারের লক্ষ্য বৈষম্যহীন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জনের জন্য কৃষককেন্দ্রিক আধুনিক কৃষিব্যবস্থা গড়ে তোলা। এ লক্ষ্যে ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণ এবং খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন।

আফরোজা খানম রিতা বলেন, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করাকে আমন মৌসুমের এই সংগ্রহ অভিযানের মূল চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here