সোমবার, নভেম্বর ৯, ২০২৬
31 C
Dhaka

আরও পড়ুন

ফেসবুক ব্যবহারে বিশ্বে শীর্ষে ফিলিস্তিন, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের বিভিন্ন দেশের প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে ফেসবুক ব্যবহারের হারে শীর্ষে রয়েছে ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম অঞ্চল। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৫তম। পিউ রিসার্চ সেন্টারের ‘স্প্রিং ২০২৬ গ্লোবাল অ্যাটিটিউডস সার্ভে’ অনুযায়ী, বাংলাদেশের প্রাপ্তবয়স্ক মানুষের ৪২ শতাংশ ফেসবুক ব্যবহার করেন।

গত ১ অক্টোবর প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের প্রতিবেদনে ৩৭টি দেশের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের চিত্র তুলে ধরা হয়েছে। জরিপের তথ্য অনুযায়ী, ফেসবুক ব্যবহারের হারে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের প্রাপ্তবয়স্ক মানুষের হার ৮৮ শতাংশ। দ্বিতীয় অবস্থানে পেরু, দেশটির হার ৮৭ শতাংশ। ৮৬ শতাংশ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ফিলিপাইন।

তালিকার প্রথম ১০টি দেশের মধ্যে আরও রয়েছে মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, চিলি, মেক্সিকো, কলম্বিয়া, আর্জেন্টিনা ও হাঙ্গেরি। এসব দেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে ফেসবুক ব্যবহারের হার যথাক্রমে ৮৩, ৮১, ৮১, ৮১, ৮০, ৭৯ ও ৭৮ শতাংশ।

এ ছাড়া সিঙ্গাপুরে ৭৬ শতাংশ, পোল্যান্ড ও সুইডেনে ৭৩ শতাংশ এবং ইসরায়েল ও নাইজেরিয়ায় ৭২ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ ফেসবুক ব্যবহার করেন। যুক্তরাষ্ট্র, গ্রিস ও থাইল্যান্ডে এ হার ৭০ শতাংশ।

অন্যান্য দেশের মধ্যে দক্ষিণ আফ্রিকায় ৬৯ শতাংশ, কানাডায় ৬৮ শতাংশ, ইন্দোনেশিয়ায় ৬৭ শতাংশ, ইতালিতে ৬৫ শতাংশ, কেনিয়ায় ৬৪ শতাংশ, ব্রাজিলে ৬২ শতাংশ এবং ঘানায় ৬১ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ ফেসবুক ব্যবহার করেন।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে ভারত ও পাকিস্তান। ভারতে প্রাপ্তবয়স্কদের ৪৩ শতাংশ এবং পাকিস্তানে ৫১ শতাংশ ফেসবুক ব্যবহার করেন। বাংলাদেশের হার ৪২ শতাংশ, যা জাপানের সমান। অন্যদিকে, নেদারল্যান্ডসে ৪৯ শতাংশ, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সে ৫৬ শতাংশ, যুক্তরাজ্যে ৫৮ শতাংশ এবং জার্মানিতে ৩৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ ফেসবুক ব্যবহার করেন।

জরিপে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখানে উল্লেখিত শতকরা হার প্রতিটি দেশের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর মধ্যে ফেসবুক ব্যবহারকারীর অনুপাত নির্দেশ করে। এটি কোনো দেশের মোট জনসংখ্যার মধ্যে ফেসবুক ব্যবহারকারীর হার নয়। ফলে মোট জনসংখ্যার হিসাবে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বা অনুপাতের সঙ্গে এই পরিসংখ্যানকে এক করে দেখার সুযোগ নেই।

পিউ রিসার্চ সেন্টার ২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত বিভিন্ন দেশের মানুষের মধ্যে জরিপটি পরিচালনা করে। এতে ৩৬টি দেশের ৪২ হাজার ১৫১ জনের মতামত নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের তথ্য আলাদা দুটি জরিপের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here