সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পুলিশের মাদকবিরোধী এক বিশেষ অভিযানে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (০৯ নভেম্বর) দুপুরে জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের উজ্জ্বলপুর এলাকায় থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শামছুল আলম (৪০) ও তাঁর স্ত্রী মোছা. সুজিনা বেগম (৩৭)। শামছুল আলমের পৈতৃক বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের সর্দারপুর গ্রামে হলেও তাঁরা দীর্ঘদিন ধরে জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের উজ্জ্বলপুর গ্রামে পরিবারসহ বসবাস করে আসছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ভীমখালী ইউনিয়নের উজ্জ্বলপুর গ্রামে অভিযান চালায় জামালগঞ্জ থানা পুলিশ। এ সময় শামছুল আলম ও তাঁর স্ত্রী সুজিনা বেগমের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাঁদের আটক করে তল্লাশি চালায়। তল্লাশিকালে তাঁদের হেফাজত থেকে মোট ৯০ পিস নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা ইয়াবাসহ দুজনকে থানায় নিয়ে আসা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, এ ঘটনায় গ্রেপ্তার স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় জামালগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে। পরে গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশের এমন জিরো টলারেন্স অভিযান নিয়মিত চলবে বলেও জানান তিনি।




