সোমবার, নভেম্বর ৯, ২০২৬
31.2 C
Dhaka

আরও পড়ুন

তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা

৩১তম জাতিসংঘ জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ থেকে ১২ নভেম্বরের এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি ও প্রতিনিধিদলের সদস্যদের বিষয়ে জানান পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।

পররাষ্ট্র সচিবের দেওয়া তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম। এ ছাড়া প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজও প্রতিনিধিদলে থাকছেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আরও থাকবেন সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রধানমন্ত্রীর মিডিয়া টিমের সদস্য এবং দেশের অন্যান্য বিশিষ্ট ব্যক্তি। তবে প্রতিনিধিদলের সব সদস্যের নাম ও পরিচয় সংবাদ সম্মেলনে আলাদাভাবে প্রকাশ করা হয়নি।

সফরের মূল উদ্দেশ্য তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিতব্য কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা। সম্মেলনে ১২ নভেম্বর বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর বক্তব্যে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পাবে।

পররাষ্ট্র সচিব জানান, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান তুলনামূলক কম হলেও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। এ কারণে উন্নত দেশগুলোর প্রতিশ্রুত অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করার বিষয়টি সম্মেলনে তুলে ধরবে ঢাকা।

জলবায়ু পরিবর্তনের কারণে নারীদের বিশেষ ঝুঁকি এবং পরিবেশবান্ধব পাটজাত পণ্যের সম্ভাবনাও প্রধানমন্ত্রীর বক্তব্য ও বাংলাদেশের সংশ্লিষ্ট উদ্যোগে গুরুত্ব পাবে। জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় সহায়তা এবং অভিযোজন কার্যক্রমে অর্থায়নের ক্ষেত্রে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা হবে।

সফরের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজনের চেষ্টা চলছে। পররাষ্ট্র সচিব জানিয়েছেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীসহ কয়েকটি দেশের শীর্ষ নেতার সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও জলবায়ু সহযোগিতার বিষয়গুলো আলোচনায় আসতে পারে।

তবে সব বৈঠকের সময়সূচি তখনো চূড়ান্ত হয়নি বলে জানান পররাষ্ট্র সচিব। প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের অবস্থান ও প্রত্যাশা তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদারের সুযোগ তৈরি হবে বলে আশা করছে সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here